বিরামপুর সীমান্তের ওপারে চার বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাতে বিরামপুরের কাটলা ইউনিয়নের ঘাসুরিয়া এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ওই চার বাংলাদেশিকে আটক করে বিএসএফ।

আটককৃত ব্যক্তিরা হলেন বিরামপুর শহরের বেগমপুর মহল্লার মফিজ উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩৫), মনসের আলীর ছেলে আক্কাস আলী (২৫), মির্জাপুর মহল্লার মৃত রইচ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৮) এবং নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের আমসাও গ্রামের মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪০)।

বিজিবি ২৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন প্রথম আলোকে জানান, রাত আনুমানিক দুইটায় ওই চার বাংলাদেশি ভারতে গেলে বিএসএফ তাঁদের আটক করে। বিজিবির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সকাল নয়টায় সীমান্তের ২৮৯ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে মিলিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ঘাসুরিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আ. সাত্তার এবং বিএসএফের পক্ষে গোবিন্দপুর ক্যাম্পের কমান্ডার নেতৃত্ব দেন। বিএসএফ পতাকা বৈঠকে বিজিবিকে জানায়, ওই ভারত থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এই চারজনকে আটক করা হয়েছে। আটক চার বাংলাদেশির কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, ৭০০ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ইনজেকশন এবং ৫৮ বোতল মদ জব্দ করা হয়েছে। তাঁদের ভারতের পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।