বিরামপুরে গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম
দিনাজপুরের বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে ববিতা রানি নামের এক গৃহবধূ গত রোববার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর স্বামী তাঁকে চেলা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন ববিতা (২৮) গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আগের দিন সকালে ঝুপ বৃষ্টি নামে। এ সময়ে জ্বালানির খড়ি ঘরে তুলতে দেরি হওয়ায় চেলা দিয়ে তাঁর স্বামী তাঁকে বেদম প্রহার করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনিরা বেগম বলেন, ববিতার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বাঁ হাত সবচেয়ে বেশি জখম হয়েছে।
নির্যাতনের শিকার ববিতা আরও বলেন, ২০১১ সালে উপজেলার কাশিডাঙ্গা গ্রামের হোটেল ব্যবসায়ী উত্তম কুমার রায়ের (৩৩) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় তাঁর হতদরিদ্র বাবা নগদ দুই লাখ টাকা, আড়াই ভরি সোনার গয়না ও আসবাবপত্র যৌতুক দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই উত্তম আবারও দুই লাখ টাকা যৌতুক চান। তাঁর বাবার কাছ থেকে এ টাকা আনতে অপারগতা প্রকাশ করলে ববিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ ঘটনায় একাধিকবার সালিস হয়। এরপরও নির্যাতন বন্ধ না হলে ২০১৪ সালে তিনি যৌতুকের দাবিতে নির্যাতন ও এতে সহযোগিতা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী উত্তম, ভাশুর উজ্জ্বল কুমার রায় ও শ্বশুর শ্রীমন্ত রায়ের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন। ওই মামলায় উত্তম প্রায় তিন মাস কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে ববিতাকে আর নির্যাতন করা হবে না—এমন অঙ্গীকার করে আপস-মীমাংসা হয়। পরে মামলাটি তিনি প্রত্যাহার করেন। কিছুদিন পর আবারও নির্যাতন শুরু হয়। ববিতা বলেন, তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। ওর মুখের দিকে তাকিয়ে স্বামীর শত অত্যাচার এত দিন সহ্য করে গেছেন। সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছেন। রোববার তাঁকে এমনভাবে নির্যাতন করা হলো, তিনি ভেবেছিলেন প্রাণে বাঁচবেন না।
এ ঘটনায় বক্তব্য জানার জন্য গতকাল বিকেলে একাধিকবার চেষ্টা করেও উত্তম কুমারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।