বিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ভাইসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ভাইসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে পৌর শহরের বেগমপুর মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার সতপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৪০), আফজাল হোসেন (৩৫) ও আবদুর রাজ্জাক (৩২) এবং পাবনার চাটমোহর থানার ঘাসিখোলা গ্রামের মো. মতিয়ার রহমান (৪০)।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা খবর পায়, একদল ডাকাত বেগমপুর মোড়ে সমবেত হয়েছে। ওই খবরের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই ডাকাত দলকে ঘিরে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ হাফপ্যান্ট পরা অবস্থায় ওই চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে চাকু, লোহার হাতলসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাফপ্যান্ট বাহিনীর সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। তাঁদের গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।