বিরামপুরে তিন ইউপি সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল আলমের ওপর হামলার ঘটনায় তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত ইউপি সদস্যরা হলেন ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের আতারুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক।
কাটলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি সামছুল আলম জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর হরতালবিরোধী একটি মিছিল তাঁর নেতৃত্বে কাটলা বাজার থেকে বিরামপুরে আসছিল। এ সময় বিরামপুরে চোরাচালান ও মাদক ব্যবসার গডফাদার ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আতারুল ইসলাম ও অন্য দুজন ইউপি সদস্যের নেতৃত্বে একদল লোক তাঁর ওপর হামলা করেন। মারাত্মক জখম অবস্থায় তাঁকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর চেয়ারম্যানের স্ত্রী সেতারা পারভীন বাদী হয়ে বিরামপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ওই তিন ইউপি সদস্যসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চেয়ারম্যান সামছুল আলম জেলা প্রশসকের কাছে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ওই তিন ইউপি সদস্যকে বরখাস্তের আবেদন করেন।
বিরামপুর ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১২ মে বিরামপুর ইউএনও কার্যালয় থেকে এবং ওই বছরের ৮ ডিসেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়।
ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ওই তিন ইউপি সদস্যকে বরখাস্তের চিঠি পাওয়া গেছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, ইউপি সদস্য আতারুলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি এলাকায় মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক চেয়াম্যানের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। আতারুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।