বিরামপুরে শিশু অপহরণের পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে শিশু বাপ্পী চন্দ্র মহন্ত (১০) অপহরণের মূল পরিকল্পনাকারী ও অপহরণকারীকে তিন দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ গত বৃহস্পতিবার বাপ্পীকে উদ্ধার এবং অপহরণে সহযোগিতা করার অভিযোগে অমেদ আলী (৪০) ও মামনুর রশীদ (৩৭) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
বাপ্পী চন্দ্র মহন্ত উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়ার বিপ্লব চন্দ্র মহন্তের ছেলে। সে উড়ুম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
অপহরণের পরিকল্পনা ও সহযোগিতা করায় প্রতিবেশী সামছুদ্দিনের ছেলে সাখোয়াত হোসেন, মূল অপহরণকারী হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মুক্তার হোসেন এবং তাঁর তিন সহযোগী একই উপজেলার কাঁকড়াবালী গ্রামের অমেদ আলী, মামনুর রশীদ ও অজ্ঞাতনামা আরেকজনের বিরুদ্ধে মামলা করেছেন বিপ্লব চন্দ্র মহন্ত। তিনি জানান, এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী সাখোয়াত হোসেন গত সোমবার মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে তাঁর (বিপ্লব চন্দ্র) শ্বশুরবাড়ির এলাকার লোক বলে পরিচয় করে দেন। এরপর মুক্তার হোসেন বাপ্পীকে মামা পরিচয় দিয়ে সুসম্পর্ক গড়ে তোলেন। বুধবার দুপুর ১২টার দিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাপ্পীকে মোটরসাইকেলে করে হাকিমপুরের কাঁকড়াবালী গ্রামে অমেদ আলীর বাসায় নিয়ে আটকে রাখেন। মুক্তার হোসেন বিকেল সাড়ে চারটার দিকে বিপ্লব চন্দ্রকে মুঠোফোনে বাপ্পীকে অপহরণের খবর দেন। বাপ্পীকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিপ্লব চন্দ্র সন্ধ্যায় ঘটনাটি পুলিশকে জানান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অপহৃতকে জীবিত উদ্ধার করতে কৌশলে মুক্তিপণ নিয়ে অপহরণকারীদের সঙ্গে দর-কষাকষি করা হয়। একপর্যায়ে তারা ৩০ হাজার টাকা মুক্তিপণ নির্ধারণ করে। ওই টাকা বিকাশের মাধ্যমে কয়েকটি ধাপে দেওয়া হয়। এর মধ্যে পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা এলাকার ফাঁকা একটি ধানখেত থেকে বৃহস্পতিবার ভোর চারটায় বাপ্পীকে উদ্ধার করে। বাপ্পীর দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অমেদ আলী ও মামনুর রশীদকে গ্রেপ্তার করে।
অমেদ আলী জানান, মুক্তার হোসেনের বাড়ি হাকিমপুরের সাধুরিয়া গ্রামে। মুক্তার এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। পূর্বপরিচিত থাকায় বুধবার বিকেলে বাপ্পীকে নিজের ভাগনে পরিচয় দিয়ে তাঁর (অমেদ আলী) বাসায় বেড়াতে নিয়ে আসেন। পরে রাত ১১টার দিকে মুক্তার এসে বাপ্পীকে নিয়ে যান। এ ঘটনার সঙ্গে তিনি ও মামনুর জড়িত নন বলে দাবি করেন অমেদ আলী।
এএসপি সুশান্ত সরকার জানান, অমেদ আলী এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আছে।