বিরামপুরে শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আবদুর রউফ (৪৮) নামের এক পান ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচাতো ভাই নজির হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় থানায় একটি হত্যা মামলা করেছেন।
আবদুর রউফ উপজেলার জোতবানি ইউনিয়নের চকশুলবন গ্রামের বাসিন্দা।
রউফের স্ত্রী লাইজু বেগম বলেন, তাঁর স্বামী সাধারণত রাত ১০টা থেকে ১১টার মধ্যে বাড়িতে আসেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি স্বামীর খোঁজ নিতে মুঠোফোনে কল দেন। এ সময় রউফ তাঁকে (লাইজু) বলেন, আধা ঘণ্টা আগেই তিনি (রউফ) ব্যবসাপ্রতিষ্ঠান উপজেলার কেটরা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু মোটরসাইকেল স্টার্ট না নেওয়ায় তিনি দেখতে পান, তাঁর মোটরসাইকেলের প্লাগটি কে বা কারা খুলে নিয়ে গেছে। বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলটি কেটরা বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে রেখে আসেন। রাত ১১টার দিকে তিনি আবারও স্বামীর মুঠোফোনে কল দেন লাইজু। এ সময় মুঠোফোনটি রিসিভ হলেও কেউ কোনো কথা বলেনি। রাত সাড়ে ১১টার দিকে তিনি আবার কল দিলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি বিষয়টি রউফের ভগ্নিপতি আবদুল লতিফসহ প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি। গতকাল বেলা ১১টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে শালবাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন লতিফ। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে দুপুরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
লাইজু বলেন, রউফ প্রায়ই তাঁকে বলতেন, ব্যবসায় উন্নতি করায় অনেকেই তাঁর (রউফ) প্রতি ঈর্ষান্বিত ছিলেন। এতে তিনি আতঙ্কে ছিলেন।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান গতকাল বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, রউফকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলের প্লাগ খুলে নেয়। হত্যাকারীদের মধ্যে খুব কাছের লোক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রউফের কাছে দুই লাখ টাকা ছিল। গতকাল রউফের রাজশাহীতে পান কিনতে যাওয়ার কথা ছিল। বিষয়টি যারা জানে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।