বিরামপুরে হুন্ডির ২০ লাখ টাকাসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২০ লাখ ২০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই দুই তরুণ হুন্ডির মাধ্যমে টাকা পাচারে জড়িত।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার টেগরা (তকিপুর) গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে আবদুল আলিম (২২) ও হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মাহাবুদ সরকার (২৮)। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বেগমপুর মোড় থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, বিদেশ থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ টাকা নিয়ে হাকিমপুর থেকে মোটরসাইকেলে করে দুই তরুণ বিরামপুর আসছেন বলে তথ্য পায় পুলিশ। এরপর তিনি কয়েকজন পুলিশ সদস্য নিয়ে পৌর শহরের বেগমপুর মোড়ে অবস্থান নিয়ে ওই দুই তরুণকে আটক করেন। এরপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলামের উপস্থিতিতে ওই দুই তরুণের শরীর তল্লাশি করে ২০ লাখ ২০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ হেফাজতে থাকাকালে ওই তরুণেরা এ প্রতিনিধিকে জানান, হুন্ডির টাকাগুলো তাঁরা বিরামপুরে নিয়ে যাচ্ছিলেন। সেখানে তাঁদের কাছ থেকে টাকাগুলো এক ব্যক্তির নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সেই ব্যক্তিকে তাঁরা চেনেন না বলে দাবি করেন।
ওসি মমিনুল ইসলাম জানান, বিরামপুর ও হাকিপুরের কয়েকটি চক্র বহুদিন থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করে আসছে। শিগগিরই এসব চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করা হবে।