বিরামপুরের যুবককে মিসরে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের কায়রোতে চাকরিরত দুলাল চন্দ্র মণ্ডল (২৮) নামে দিনাজপুরের বিরামপুর উপজেলার এক যুবককে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিরামপুর কার্যালয়ের প্রকৌশলী হামিদুর রহমানের কাছেও চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রকৌশলী হামিদুর রহমান গতকাল বুধবার বিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিসরে অপহরণের শিকার দুলাল উপজেলার বিনাইল ইউনিয়নের বগড়া গ্রামের মৃত গিরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। দুলালের ছোট বোনের স্বামী নিবারণ চন্দ্র মণ্ডল গত মঙ্গলবার রাতে বলেন, ছয় বছর আগে দুলাল মিসরে যান। তিনি কায়রোর একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত সোমবার রাতে নিবারণের মুঠোফোনে কায়রোতে দুলালের সঙ্গে থাকা দুই বাংলাদেশি মামুন ও আসাদ ফোন করে অপহরণের বিষয়টি জানান। মামুন বিনাইল ইউনিয়নের দেশমা গ্রামের এবং আসাদ পার্বতীপুরের খোলাহাটি এলাকার বাসিন্দা। নিবারণ আরও বলেন, ওই রাতেই মিসর থেকে আবার তাঁর মুঠোফোনে একটি ফোন আসে। এবার অপহরণকারীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অপহরণকারীরা তখন দুলালের সঙ্গেও তাঁকে কথা বলিয়ে দেয়। দুলাল অপহরণকারীদের কথামতো কাজ করতে নিবারণকে অনুরোধ করেন। বাংলাদেশে থাকা অপহরণকারী দলের সদস্যের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর কাছে দ্রুত চাঁদার টাকা পৌঁছে দিতে বলেন। অপহরণকারীরা সবাই শুদ্ধ বাংলায় কথা বলছিল বলে জানান নিবারণ।
এদিকে প্রকৌশলী হামিদুর রহমানের মুঠোফোনে ফোন করে সুব্রত বাইন ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রকৌশলী হামিদুর বলেন, গত ১৬ জুন বেলা একটায় তাঁর মুঠোফোনে একটি কল আসে। কিন্তু ডিসপ্লেতে কোনো নম্বর ওঠেনি। কলটি গ্রহণের পর অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এরপর গত মঙ্গলবার বেলা ১টা ২৩ মিনিটে ০১৭৪৮-৫১৩১৬৯ নম্বর থেকে ফোন করে আবার এক ব্যক্তি নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। এ ধরনের ফোনের পর আতঙ্কে প্রকৌশলী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, ‘মিসরে প্রবাসী দুলালকে অপহরণের খবর শুনেছি।’ প্রবাসী দুলালকে অপহরণ এবং প্রকৌশলী হামিদুরের কাছে চাঁদাদাবির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।