বিরিয়ানি খাওয়ার পর দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিরিয়ানি খাওয়ার পর শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দোকান থেকে কেনা এই বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা।
মারা যাওয়া দুই বোন হলো মিনজিলা আক্তার (৭) ও সানজিদা আক্তার (৩)। এ ঘটনায় অসুস্থ হয়েছেন তাদের মা ইয়াসমিন আক্তার। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুই শিশুর খালা ও ডুলাহাজারা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা জেসমিন আক্তারের ভাষ্য, তাঁর ভগ্নিপতি গাড়িচালক মিজানুর রহমান গতকাল রাতে চকরিয়া পৌর শহরের ‘কেন্দি বিরিয়ানি হাউস’ থেকে তিন প্যাকেট বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যান। ইয়াসমিন তাঁর দুই মেয়ে মিনজিলা ও সানজিদাকে নিয়ে সেই বিরিয়ানি খাওয়ার পর তাঁদের রক্ত বমি ও পাতলা পায়খানা শুরু হয়। রাত ১০টার দিকে তাঁদের চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সানজিদা মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় মিনজিলা ও ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিনজিলা মারা যায়। ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, খাদ্যের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হতে পারে।