বিরিয়ানি খেয়ে দুই বোনের মৃত্যু
রেস্তোরাঁ থেকে আনা বিরিয়ানি খেয়ে গত মঙ্গলবার রাতে কক্সবাজারের পেকুয়ার দুটি শিশু মারা গেছে। শিশু দুটির স্বজনেরা এ কথা জানিয়েছেন। এ ঘটনায় রেস্তোরাঁর ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
শিশু দুটি হলো পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মিজানুর রহমানের মেয়ে মিনজিলা আকতার (৭) ও সানজিদা আকতার (৩)। বিরিয়ানি খেয়ে শিশু দুটির মা ইয়াসমিন আকতারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শিশু দুটির চাচা মুজিবুর রহমান বলেন, তাঁর ভাই গাড়িচালক মিজানুর রহমান চকরিয়া পৌর শহরের কেন্ডি বিরিয়ানি হাউস থেকে তিন প্যাকেট বিরিয়ানি কিনে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়িতে যান। ইয়াসমিন তাঁর দুই মেয়ে মিনজিলা ও সানজিদাকে নিয়ে ওই বিরিয়ানি খান। এরপর তাঁদের রক্ত বমি ও পাতলা পায়খানা শুরু হয়। রাত ১০টার দিকে তাঁদের চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১১টার দিকে সানজিদা মারা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় মিনজিলা ও ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিনজিলার মৃত্যু হয়। তিনি জানান, গতকাল বুধবার রাতে মিনজিলা ও সানজিদাকে দাফন করা হয়েছে।
রেস্তোরাঁর মালিক আহমদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার কমপক্ষে আরও ২০০ জন আমাদের বিরিয়ানি খেয়েছে। তাদের কেউ অসুস্থ হয়নি। কেন এ ঘটনা ঘটেছে, সেটা তদন্তের দাবি রাখে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার তাঁর দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে মিনজিলার মৃত্যু হয়েছে। তিনি বলেন, যেহেতু একই কারণে সানজিদা ও মিনজিলার মৃত্যু হয়েছে, তাই শুধু সানজিদার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাত চন্দ্র ধর বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্ডি বিরিয়ানি হাউসের ব্যবস্থাপক সৈয়দ আহমদকে আটক করা হয়েছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, বিরিয়ানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।