বিরোধ মীমাংসা করতে গিয়ে...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শনিবার দুপুরে দুই পরিবারের বিরোধ মীমাংসা করতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে আবুল ফায়েজ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত আবুল ফায়েজের বাড়ি কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের লবখা গ্রামে। ওই গ্রামের মো. ইসমাইলের ছেলে পিন্টু মিয়া তাঁর বাড়িতে একটি টিনের ঘর তুলতে যান। আজ শনিবার দুপুরে ইসমাইলের ভাই হোসেন মিয়া বাড়ির সীমানা ঘেঁষে ঘর তুলতে বাধা দেন। এ নিয়ে ভাতিজা পিন্টু মিয়া ও চাচা হোসেন মিয়া সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ঘটনার মীমাংসা করতে গ্রাম্য সর্দার আবুল ফায়েজকে ডেকে আনা হয়। তখনো উভয় পক্ষে সংঘর্ষ চলছিল। একপর্যায়ে একজনের লাথি পড়ে ফায়েজের তলপেটে। এতে গুরুতর আহত হন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।