বিরোধপূর্ণ জমিতে শ্রমিক লীগ নেতার স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় বিরোধপূর্ণ জমিতে শ্রমিক লীগের এক নেতা স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কামতা মৌজায় শিল্পনগর এলাকায় আরএস ১৮৮৬ দাগে ২০ শতক, আরএস ৫৭৪ দাগে ১৮ শতকসহ মোট ৩৮ শতক জমি নিয়ে স্থানীয় মোন্নাফ ব্যাপারীর সঙ্গে মানিকগঞ্জ-সাটুরিয়া শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হানিফ আলীর বিরোধ চলে আসছে। এ নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি মোন্নাফ ব্যাপারী যুগ্ম জেলা জজ-২ আদালতে মামলা করেন। মামলাটি চলা অবস্থায় এক মাস ধরে বিরোধপূর্ণ ওই জমি ভরাট করে সেখানে টিনশেড ঘর তুলছেন হানিফ আলী। এর পরিপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি চেয়ে যুগ্ম জেলা জজ-২ আদালতে আবেদন করেন মোন্নাফ। আগামী ২ মার্চ পর্যন্ত ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। তবে অস্থায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঘর নির্মাণ করছেন হানিফ আলী।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার জাগীর শিল্পনগরের অদূরে কামতা এলাকায় বিরোধপূর্ণ ওই জমিতে ঘর নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবারও ঘর নির্মাণের কাজ চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। শ্রমিকেরা জানিয়েছেন, ওই জায়গায় গরুর খামার (ডেইরি ফার্ম) তৈরি করা হবে।
মোন্নাফ ব্যাপারী বলেন, স্থানীয় মেহের আলীর কাছ থেকে ওই জমি কেনেন প্রতিবেশী কুসুম আলী ও তাঁর স্ত্রী খোদেজা বেগম। ১৯৮৭ সালে তাঁদের কাছ থেকে ওই জমি কেনেন তাঁরা দাদা আছমান ব্যাপারী। কিন্তু হানিফ ওই জমি দখল করে সেখানে মাটি ভরাট করে ঘর তুলছেন।
মোন্নাফের ছেলে মোশারফ ব্যাপারী অভিযোগ করেন, শ্রমিক লীগের নেতা হওয়ায় হানিফ জোর করে ওই জমি দখল করে সীমানাপ্রাচীর দিয়ে স্থাপনা নির্মাণ করছেন। এতে বাধা দিলে তিনি ও তাঁর লোকজন হুমকি-ধমকি দেন। তিনি আদালতের নিষেধাজ্ঞাও মানছেন না।
অভিযোগ অস্বীকার করে হানিফ আলী বলেন, মেহের আলীর সন্তানেরা ওই জমি তাঁর কাছে বিক্রি করেন। এই জমির বৈধ মালিক ও দখলদার তিনি। তাঁর কেনা জমিতে তিনি ডেইরি ফার্ম করছেন। তবে আদালতের নিষেধাজ্ঞার কোনো নোটিশ পাননি বলে তিনি দাবি করেন।
স্থানীয় জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে সালিসও হয়। তবে আদালতে মামলা থাকায় বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা যায়নি। আদালতেই বিষয়টির সুরাহা হবে।