বিরোধের জেরে গাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার এক ব্যক্তির জমি থেকে ৩৫টি মেহগনিগাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিক আনোয়ার হোসেন মোল্লার ছেলে সিরাজ উদ্দিন বলেন, তাঁদের পৈতৃক জমিতে ১৫ বছর আগে বেশ কিছু গাছ লাগানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত পাশের মধুখালী গ্রামের মোসলেম উদ্দিন মোল্লার ছেলে ফজলুর রহমান মোল্লা সশস্ত্র শতাধিক লোক নিয়ে ৩৫টি গাছ কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে তাঁর দাদি নীলা খাতুন (৭৫) ও চাচি ইরানী খাতুনকে (৫৫) কুপিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে কিছু গাছ জব্দ করে। আনোয়ার হোসেন ও ফজলুর রহমান পরস্পর আত্মীয়।
আনোয়ার হোসেন মোল্লার চাচাতো ভাই আবদুল ওয়াদুদ (৫৫) প্রথম আলোকে বলেন, পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে আনোয়ার ও ফজলুদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ১০-১৫ বছর আগে ফজলুদের কিছু সম্পত্তি দিয়ে ওই বিরোধ মিটিয়ে ফেলা হয়। এরপর ফজলুরা আরও ৫ একর ৪ শতাংশ জমি পাবে দাবি করে মামলা করে। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এরই মধ্যে আনোয়ারদের লাগানো গাছ কেটে নেওয়া হলো।
ফজলুর রহমান মোল্লা বলেন, ‘জমি নিয়ে আমরা আদালতে মামলা করেছি। নিম্ন আদালতে জিতেছি। জমির দখল নিতেই ওই জমির গাছ কেটেছি। গাছগুলো আনোয়ারদের লাগানো হলেও জমির মালিক আমরা।’
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গাছ কাটার ঘটনায় বৃহস্পতিবার রাতে ফজলুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।