বিরোধ গাছ নিয়ে, প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গাছ নিয়ে বিরোধে হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।

নিহতের নাম নাছির উদ্দিন মোল্লা ওরফে নসু (৫০)। তিনি কই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, নাছির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী রহমান শেখের জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। মাসখানেক আগে বিরোধপূর্ণ জমি থেকে রহমান শেখেরা একটি মেহগনি গাছ কেটে নেন। এ সময় তাঁরা বাধা দেন। সম্প্রতি আরও একটি মেহগনি গাছ কাটার উদ্যোগ নেন রহমান শেখ। এ ঘটনায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে জমি মাপার উদ্যোগ নেওয়া হয়। এ সময় উভয় পক্ষ গাছ নিজেদের বলে দাবি করে। উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। তাই জমি মাপজোখের কাজ স্থগিত রাখা হয়।

গতকাল বেলা ১১টার দিকে নাছিরের ছোট ভাই বাড়ির পাশে রোদ পোহাচ্ছিলেন। এ সময় রহমান শেখের ভাতিজা বাচ্চু শেখ ও ছেলে লাবলুর নেতৃত্বে ১০-১৫ জন তাঁকে মারপিট শুরু করেন। তাঁর চিৎকারে বাড়ি থেকে নাছির উদ্দিন ও তাঁর অন্য ভাইয়েরা এগিয়ে আসেন। এ সময় তাঁদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে নাছির উদ্দিন, তাঁর স্ত্রী জবেদা বেগম, ভাই জাফর আলী মোল্লা, ছোট ভাই সাইদ মোল্লা আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নাছির উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত দুইটার দিকে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য এস্কেন্দার আলী খান বলেন, গাছটি খুব একটা বড় নয়। তিন হাজার টাকার মতো দাম হবে। কিন্তু এই গাছ নিয়ে বিরোধে মারধরের ঘটনায় প্রাণ গেল একজনের।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নাছিরের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।