বিরোধ মানুষের, প্রাণ গেল সহস্রাধিক গাছের
নওগাঁর বদলগাছি উপজেলার জগদীশপুর এলাকায় নয় বিঘা জমিতে লাগানো সহস্রাধিক কলাগাছ কেটে ফেলা হয়েছে। ওই জমি নিয়ে চলা বিরোধের জের ধরে একটি পক্ষ গাছগুলো গত বৃহস্পতিবার কেটে ফেলে।
বদলগাছি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশপুর মৌজার ১০৮ নম্বর আরএস খতিয়ানের মোট তিন একর সাড়ে একুশ শতক সম্পত্তির মালিকানা নিয়ে বদলগাছি উপজেলার চাঁপাডাল গ্রামের রাশেদুল ইসলামের সঙ্গে পাশের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের সামছুল হক মণ্ডলের বিরোধ চলছিল। সামছুল হক দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করছিলেন। সম্প্রতি ওই সম্পত্তি রাশেদুল ইসলাম দখল করে সেখানে ১ হাজার ৫০টি কলাগাছ লাগান। পরে রাশেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেখানে ১৪৪/১৪৫ ধারা জারি করেন। বদলগাছি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম আদালতের আদেশ উভয় পক্ষকে জানিয়ে দেন। গত বৃহস্পতিবার প্রতিপক্ষের ভাড়াটে লোকজন বিরোধপূর্ণ জমিতে গিয়ে কলাগাছগুলো কেটে ফেলে সম্পত্তি দখল করেন।
রাশেদুল ইসলাম দাবি করেন, জমিতে তাঁর বৈধ মালিকানা রয়েছে। তিনি অভিযোগ করেন, ‘এত দিন ওই জমি সামছুল হক মণ্ডল ও তাঁর ছেলেরা জোরপূর্বক দখলে রেখেছিলেন। প্রায় দুই মাস আগে আমরা জমিটি দখলে নিয়ে সেখানে ১ হাজার ৫০টি কলাগাছ লাগিয়েছিলাম। প্রতিপক্ষ কলাগাছগুলো কেটে নিয়েছে।’
সামছুল হকের ছেলে আমিনুর রহমান বলেন, ‘রাশেদুল আমাদের জমিতে কলাগাছ লাগিয়েছিলেন। এখন সেগুলো কেটে ফেলা হয়েছে।’
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জমিটি ৫২ বছর ধরে একটি পক্ষের ভোগদখলে আছে। হঠাৎ করেই অন্য পক্ষ জমিটি নিজেদের দাবি করে সেখানে রাতের বেলায় কলাগাছ লাগিয়েছিল। সেগুলো কেটে ফেলেছে। জমিতে জোরপূর্বক কলাগাছ রোপণ করার ঘটনায় থানায় একটি মামলাও হয়েছে।