বিরোধ মেটানোর সভায়ও হাতাহাতি-ধাক্কাধাক্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাবেক ও বর্তমান সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে বিরোধ মেটাতে কেন্দ্রের নির্দেশেই এ সভা ডাকা হয়েছিল।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ বছরেও দৌলতপুর আওয়ামী লীগের সম্মেলন হয়নি। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদের সঙ্গে সহসভাপতি ও বর্তমান সাংসদ রেজাউল হক চৌধুরীর রেষারেষি চলে আসছে। উপজেলার নেতা-কর্মীরা এই দুই নেতার পক্ষে বিভক্ত হয়ে আছেন। বিরোধ মেটাতে কেন্দ্রের নির্দেশেই গতকাল এক মঞ্চে বসেছিলেন নেতারা।
দৌলতপুর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় আফাজ উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া-১ আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেলা দুইটার দিকে সাংসদ রেজাউলের সমর্থক উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন। এ সময় আফাজের পক্ষের কর্মী খলিলুর রহমান কটূক্তি করেন। এ নিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীরা হইচই শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা একে অপরের দিকে তেড়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে জেলার শীর্ষ নেতারা তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যেই কয়েকজন নেতা-কর্মী ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রায় ১০ মিনিট পর তাঁরা শান্ত হলে আবার সভা শুরু হয়। বিকেলে শান্তিপূর্ণভাবেই সভা শেষ হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বলেন, ১৩ বছরের মধ্যে সবচেয়ে সুন্দর ও বড় পরিসরে বর্ধিত সভা হয়েছে। অচিরেই প্রত্যেক ইউনিয়নে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। আগামী অক্টোবর মাসের মধ্যে দৌলতপুর আওয়ামী লীগের নতুন কমিটি করা হবে বলে আশা করছেন তিনি। সভায় অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা তেমন বড় কিছু ছিল না।
সাধারণ নেতা-কর্মীদের ক্ষোভ
নেতারা ধাক্কাধাক্কি ও হাতাহাতির এ ঘটনাকে ছোট করে দেখলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা বিষয়টিকে দুই নেতার মধ্যে অব্যাহত রেষারেষির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন।
দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ৪ অক্টোবর সর্বশেষ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৪ সালে জাতীয় নির্বাচনে আফাজ উদ্দিন দলীয় মনোনয়ন পান। তবে রেজাউল হক চৌধুরী ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে নির্বাচন করে সাংসদ হন। ওই ঘটনার পর থেকে দুই নেতার মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। পাশাপাশি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আলাদা একটি বলয় তৈরি করেছেন। ফলে উপজেলা আওয়ামী লীগ এখন তিন ভাগে বিভক্ত।
নেতা-কর্মীরা বলছেন, নেতাদের এই বিরোধের প্রভাব পড়ছে পুরো উপজেলায়ই। বিরোধ মিটমাট না হওয়ার কারণেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ডাকা যাচ্ছে না। উপজেলার ১৪টি ইউনিয়নের একটিতেও আওয়ামী লীগের কমিটির মেয়াদ নেই। উপজেলা ও ইউনিয়ন কমিটির অনেকে মারা গেছেন। বয়সের কারণে অনেক নেতা দলীয় কর্মকাণ্ডে অংশ নেন না। সব মিলিয়ে দলীয় কার্যক্রমে স্থবিরতা চলছে।
এমন পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় কুষ্টিয়া জেলা ও উপজেলার শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বিরোধ মিটিয়ে সব পক্ষকে এক কাতারে আসার নির্দেশ দেন। ওই নির্দেশের পরই দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়। সেখানেও অপ্রীতিকর ঘটনা ঘটায় কয়েকজন নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেন।