বিরোধের জের, অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা নতুনপাড়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার জের ধরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় শুকতারা (৩৩) নামের এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। গত রোববার রাতে এ ঘটনায় ওই গৃহবধূর মা রোকেয়া খাতুনও আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পাশের জমি নিয়ে ওই গ্রামের সুজাব আলীর সঙ্গে প্রতিবেশী সাবের আলী, কার্তিক চন্দ্র ও ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। এক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। গত রোববার সুজাব আলী বিরোধপূর্ণ জমিতে বেড়া দিলে সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শুকতারার মুখমণ্ডল ঝলসে যায়। এ সময় তাঁর মা রোকেয়ার শরীরের কিছু অংশে অ্যাসিড লাগে। এ ছাড়া তাঁকে মারধরও করা হয়। পরে শুকতারা ও তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুকতারার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়। পরে রোকেয়ার অবস্থার অবনতি হলে গতকাল তাঁকেও একই জায়গায় পাঠানো হয়েছে।
গৃহবধূর বাবা সুজাব আলী বলেন, ‘ঘটনার সময় বাড়িতে ছিলাম না। প্রতিপক্ষরা অন্যায়ভাবে বাড়িতে হামলা করে অ্যাসিড মেরেছে। আমার স্ত্রীকেও আহত করেছে।’
এ বিষয়ে সাবের আলী ও কার্তিক চন্দ্র বলেন, ‘সুজাব আলী ও তাঁর ছেলেরা জোরপূর্বক আমাদের জায়গায় বেড়া দেয়। বেড়া তুলে দিলে তাঁরাই আমাদের ওপর হামলা করে। এখানে আমরা কোনো অ্যাসিড নিক্ষেপ করিনি।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।
সিরাজগঞ্জ মহিলাবিষয়ক কার্যালয়ের প্রোগাম অফিসার কে এম রাজিবুল হাসান বলেন, ওই গৃহবধূর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে পুড়ে গেছে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।