বিরোধের জের ধরে অ্যাসিড নিক্ষেপ, দগ্ধ ৪
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজারে দুই রং ব্যবসায়ীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় পথচারী, দোকানদারসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অ্যাসিডদগ্ধ ব্যক্তিরা হলেন উপজেলা সদরের নাগগাঁতী গ্রামের পথচারী অসীম সরকার (৩৭), তামাই গ্রামের হেলাল প্রামাণিক (৪৫) এবং দোকানদার তামাই গ্রামের সহোদর হজরত আলী (৩০) ও আবদুল গফুর (৪৫)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তামাই গ্রামের রোমান মিয়া, দুলাল হোসেন ও সবুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অ্যাসিডদগ্ধ হজরত আলী ও আবদুল গফুরের অপর ভাই মাহবুব আলী বাদী হয়ে মামলা করেছেন।
বেলকুচি থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রং বিক্রিকে কেন্দ্র করে বাজারের দোকানদার আবদুল গফুর এবং অপর দোকানদার রঞ্জু ফকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে দোকানের সামনেই দুই পক্ষের মধ্যে আবার কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় রঞ্জু ফকিরের লোকজন দোকান থেকে অ্যাসিড এনে ছুড়ে মারেন। এতে দুই পথচারীসহ প্রতিপক্ষের দুই দোকানদার দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে পথচারী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দোকানদার দুজনকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় দুই পথচারীকে ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাসিমা সুলতানা বলেন, অ্যাসিডে অসীমের শরীরের ২০ ও হেলালের ১০ শতাংশ পুড়ে গেছে।