বিল আত্মসাতের মামলায় স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের বিল আত্মসাতের মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে চাঁদপুরের মেসার্স লক্ষ্মীনারায়ণ ভান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে পথ্য সরবরাহের কাজ পায়। কাজের মেয়াদ ছিল এক বছর। মেয়াদ শেষে ঠিকাদার ভরত চন্দ্র ঘোষ ১ লাখ ৩৯ হাজার টাকার বিল জমা দেন। ওই বিল অনুমোদন হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক হাবিব উল্যা বিলের টাকা উত্তোলন করেন।
হাবিব উল্যা বলেন, ‘বিল ওঠানোর পর সাইফুল ইসলাম ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে আমার কাছ থেকে ওই টাকা নিয়ে যান। ঠিকাদার বিলের জন্য এলে স্যার তাঁকে ওই টাকা উত্তোলনের জন্য প্রাইম ব্যাংক হাজীগঞ্জ বাজার শাখার একটি চেক প্রদান করেন।’
ভরত চন্দ্র ঘোষ বলেন, ‘আমি টাকা উত্তোলনের জন্য তিনবার ব্যাংকে গিয়েছি। কিন্তু অ্যাকাউন্টে টাকা না থাকায় আমাকে ফেরত দেওয়া হয়েছে।’
জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘তাঁকে (ঠিকাদার) আসতে বলেছি। আসলে বিলের টাকা দিয়ে দেওয়া হবে।’