বিল চাওয়ায় কেব্ল অপারেটরকে গুলি, এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেব্ল সংযোগের বকেয়া বিল পরিশোধ নিয়ে বাগ্বিতণ্ডায় কেব্ল অপারেটরকে গুলি করার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার করা শামিম রেজা বংশাল থানার এএসআই। নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। গুলিতে আহত কেব্ল অপারেটর মো. আলামিনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর দুটি সেলাই লেগেছে। তিনি স্থানীয় স্কাইনেট কেব্ল নেটওয়ার্কের কর্মী। গুলির ঘটনায় আলামিন খিলগাঁও থানায় শামিমের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছেন।
খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন বলেন, শামিমকে আলামিনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শামিমের অস্ত্রটি জব্দ করা হয়েছে। তিনি সরকারি অস্ত্র ব্যবহার করেছেন কি না, তা ‘ব্যালাস্টিক’ পরীক্ষার পর বোঝা যাবে।
নন্দীপাড়ার ওই ভবনের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় এএসআই শামিম সাধারণ পোশাকে ছিলেন।
আলামিন প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে তিনি সহকর্মী জাকির হোসেনকে নিয়ে ওই বাড়িতে ডিসের বিল তুলতে যান। নিচের তলাগুলোর টাকা তুলে চতুর্থ তলায় শামিমের বাসায় গেলে তিনি দরজা খোলেন। শুরুতে খোশমেজাজে কথাও বলেন। কিন্তু তিনি (আলামিন) চার মাসের বকেয়া বিলের কথা এবং জানুয়ারি থেকে মাসিক বিল ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার কথা জানালে শামিম রেজা রেগে যান।
আলামিন বলেন, তিনি নিচে নামলে চতুর্থ তলার আরেক বাসিন্দা পুলিশের বিশেষ শাখার এএসআই মো. নাহিদকে ঘটনাটি জানান। নাহিদ তাঁকে বলেন, ‘শামিম ভাই নিচে নেমেছেন, আসো মিটমাট করে দিই।’ আলামিনের উপস্থিতিতে নাহিদ বিষয়টি নিয়ে কথা শুরু করলে শামিম আরও উত্তেজিত হয়ে ওঠেন। তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে চড় মারেন শামিম। এর কারণ জানতে চাইলে শামিম কোমর থেকে পিস্তল বের করে তাঁকে গুলি করেন। নাহিদ শামিমের হাত ধরে ফেলায় গুলিটি তাঁর শরীরের পাশে লেগে বের হয়ে যায়। এরপর শামিম বাসায় চলে যান। নাহিদ এবং তিনতলার এক বাসিন্দা ডিবি কনস্টেবল আনোয়ার হোসেন আলামিনকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিকেলে ওই বাড়িতে গেলে কেয়ারটেকার গিয়াস উদ্দিন বলেন, শামিম চড় মারার পর আলামিন শামিমকে ধাক্কা দেন। তারপর শামিম গুলি করে ওপরে যান।
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত শামিমের ডিউটি ছিল। শামিমের বরাত দিয়ে তিনি বলেন, কেয়ারটেকার তাঁকে ফোন দিয়ে বলেছিল, বাসার কল থেকে পানি পড়ছে। তাই কল বন্ধ করতে তিনি ওই সময় বাসায় গিয়েছিলেন।
তবে কেয়ারটেকার প্রথম আলোকে বলেন, সকালে শামিমের সঙ্গে ফোনে তাঁর কোনো কথা হয়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ বলেন, শামীমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে এডিসি মো. মুরাদ আলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।