বিল চাওয়ায় রেস্তোরাঁমালিককে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশতার বিল চাওয়ায় রেস্তোরাঁর মালিককে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক তরুণ। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সন্তোষ চন্দ্র পাল (৫৫)। তিনি সখীপুর পৌরসভার মেয়র সুপার মার্কেটের সন্তোষ মিষ্টিঘরের মালিক। এ ঘটনায় তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু আহমেদের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে রাজু ওই রেস্তোরাঁয় সকালের নাশতা খান। পরে বিল না দিয়েই ফোন করার কথা বলে কথা বলতে বলতে সন্তোষের মুঠোফোনটি হাতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্তোষ ডাক দিলে রাজু ক্ষিপ্ত হয়ে ওই দোকানের ভেতর ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। বাধা দেওয়ায় রাজু লাঠি দিয়ে সন্তোষকে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির বলেন, সন্তোষের ওপরের মাড়ির দুটি দাঁত ভেঙে গেছে ও তাঁর কপালে আঘাত লেগেছে।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, রাজু চিহ্নিত মাদকসেবী। গতকালের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।