বিলবোর্ড অপসারণে যুবলীগের বাধা
বিলবোর্ড অপসারণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বাধা দিয়েছেন চট্টগ্রাম নগর যুবলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুরে টাইগার পাস মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ান। পরে অভিযান বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়ানোর এক ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে একই এলাকায় বিলবোর্ড অপসারণ নিয়ে নগর যুবলীগের দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় একজন অন্যজনকে অস্ত্র বের করে গুলি করার হুমকি দেন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘অভিযানে প্রতিদিনই বাধা দেওয়ার ঘটনা ঘটে। আজ (রোববার) একটু বেশি বাধা দেওয়া হয়েছে। তবে বাধা দিয়ে কোনো লাভ হবে না। অভিযান অব্যাহত থাকবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, টাইগার পাস এলাকায় রেলওয়ের জমিতে বিলবোর্ড রয়েছে নগর যুবলীগের সদস্য আলী হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠানের। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিলবোর্ডটি গতকালের অভিযানে অপসারণ করা হয়। কিন্তু সড়কের উল্টো দিকে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিলবোর্ডসহ আরও চারটি বিলবোর্ড অপসারণ না করায় ক্ষুব্ধ হন আলী হোসেন। একপর্যায়ে অভিযানে যাওয়া ক্রেন (বিলবোর্ড অপসারণে ব্যবহৃত) চালককে তিনি ও তাঁর অনুসারীরা ফরিদ মাহমুদের বিলবোর্ড অপসারণের জন্য চাপ দেন। খবর পেয়ে ফরিদ মাহমুদ ঘটনাস্থলে আসেন। এ সময় দুই নেতার মধ্যে তর্ক হয়। একপর্যায়ে পিস্তল বের করে আলী হোসেনকে গুলি করার হুমকি দেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গতকালের অভিযানে ছোট-বড় মিলিয়ে ৫৭টি বিলবোর্ড অপসারণ করা হয়। বেলা দেড়টার দিকে যুবলীগ নেতা আলী হোসেনের একটি বিলবোর্ড অপসারণ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ও তাঁর অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
তবে আলী হোসেন দাবি করেন, অনুমতি নিয়ে রেলওয়ের জায়গায় বিলবোর্ড স্থাপন করেছেন তিনি। কিন্তু ঝুঁকিপূর্ণ বলে তাঁর বিলবোর্ডটি অপসারণ করা হলেও অন্যগুলো করা হয়নি। তিনি বলেন, ‘আমি বিষয়টি উপস্থাপন করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম, বাধা দিতে নয়।’
যুবলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে তর্ক ও পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার বিষয়ে আলী হোসেন বলেন, ‘তিনি (ফরিদ মাহমুদ) মনে করেছেন পিস্তল দেখালে আমি ভয় পাব। ভয় পেয়ে চলে যাব।’
প্রকাশ্যে পিস্তল বের করে হুমকি দেওয়ার বিষয়ে যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, ‘তাঁরা (মোহাম্মদ আলী হোসেন ও তাঁর লোকজন) আমার বৈধ বিলবোর্ডটি অপসারণের চেষ্টা করে। আর আমার পিস্তলটির লাইসেন্স আছে।’
পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে হুমকির বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কেউ আইনের আশ্রয় নিলে তখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর লাইসেন্স করা অস্ত্র দিয়ে কাউকে হুমকি দেওয়ার সুযোগ নেই।
অবৈধ বিলবোর্ড অপসারণে ১ জুন থেকে অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল পর্যন্ত ছোট-বড় ১৪৩টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।