বিলবোর্ড দখল করে ছাত্রলীগের ব্যানার
রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন আজ বুধবার। এরই মধ্যে সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানস্থল রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বর থেকে শুরু করে নগরের সড়কদ্বীপসহ গুরুত্বপূর্ণ সব জায়গা ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। গত সোমবার থেকে নগরের বিজ্ঞাপনের বিলবোর্ড দখল করে সম্মেলনের ব্যানার লাগানো হয়েছে।
এর আগে ২০১০ সালের ৩ জুন এক বছর মেয়াদের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন হয়। চার বছর পর এবার সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন উপলক্ষে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনের দিকটা লম্বা ব্যানারে প্রায় ঢেকে ফেলা হয়েছে। সম্মেলনের সবচেয়ে বড় ব্যানার টাঙানো হয়েছে নগরের সাহেববাজার এলাকায় উড়ালসেতুর সঙ্গে। এই উড়ালসেতুর দুপাশে একটি বেসরকারি মেডিকেল কলেজের বিজ্ঞাপন ছিল। দুটি বিজ্ঞাপনের প্রায় সবটুকু সম্মেলনের ব্যানারে ঢেকে ফেলা হয়েছে। শুধু একপাশে মেডিকেল কলেজের চিকিৎসকদের নাম দেখা যাচ্ছে। আর নিচে মেডিকেল কলেজের মুঠোফোন নম্বরগুলো পড়া যাচ্ছে।
এর পূর্ব পাশে একটি ওভারহেড বোর্ডের দুপাশে একটি প্রসাধন কোম্পানির বিজ্ঞাপন ছিল। এর দুপাশেই ছাত্রলীগের সম্মেলনের ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুধু একপাশে প্রসাধন কোম্পানির নাম ও লোগো দেখা যাচ্ছে।
সাহেববাজার জিরো পয়েন্টে একটি ওভারহেড বোর্ডের দুপাশে একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপন ছিল। পশ্চিম পাশে ছাত্রলীগের সম্মেলনের ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে। শুধু একটু জায়গা বাদ রয়েছে। তাতে কোম্পানির লোগোটুকু দেখা যাচ্ছে। নগরের কুমারপাড়া এলাকায় একটি ওভারহেড বোর্ডের দুপাশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বিজ্ঞাপন ছিল। এর দুপাশেই ছাত্রলীগের সম্মেলনের ব্যানার টানানো হয়েছে। শুধু একপাশে বিশ্ববিদ্যালয়ের লোগোটা দেখা যাচ্ছে।
রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনের আঙিনাজুড়ে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল থেকেই সেখানে মঞ্চ তৈরির কাজ চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী কলেজের একাধিক শিক্ষার্থী জানান, প্রধান ফটকে ছাত্রলীগের সম্মেলনের আয়োজন চললে এদিক দিয়ে কলেজে ঢোকাই মুশকিল হবে। এ ছাড়া সম্মেলনের মাইকের কারণেও ক্লাস বিঘ্নিত হবে। এই হইচইয়ের মধ্যে কলেজে ক্লাস হয় কি না, তাঁরা সেই চিন্তায় রয়েছেন।
বিজ্ঞাপনের বোর্ড দখল করে ব্যানার টাঙানোর ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান বলেন, এক দিনের জন্য তাঁরা টানিয়েছেন। অনুষ্ঠানে শেষে আবার খুলে ফেলবেন।
কলেজের ক্লাস বিঘ্নিত হবে কি না, জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, কলেজের ক্লাস শুরু হবে আটটা থেকে। ছাত্রলীগের সম্মেলন শুরু হবে ১০টায়। ততক্ষণে শিক্ষার্থীরা কলেজের ক্লাসে ঢুকে যাবে। সম্মেলনের কারণে কলেজের পাঠদানের কোনো সমস্যা হবে না।
অধ্যক্ষ বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ওদের অনুষ্ঠান ছিল। কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী আসার কারণে তাদের ভেন্যু বদল করতে হয়েছে।’