বিলবোর্ড দখল করে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পর ৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন। এ সম্মেলন ঘিরে নেতৃত্বপ্রত্যাশীরা চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। এ জন্য বিভিন্ন কোম্পানির বিলবোর্ড দখল করে সেখানে ব্যানার লাগানো হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন কলেজের প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সম্মেলনস্থল শহীদ হাদিস পার্কও কার্যত ঢেকে ফেলা হয়েছে ব্যানার-ফেস্টুন দিয়ে।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহানগর ছাত্রলীগের সম্মেলন ৭ জুন এবং জেলা ছাত্রলীগের সম্মেলন ৬ জুন নির্ধারিত ছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের জন্য মহানগর ছাত্রলীগের সম্মেলন এক দিন পিছিয়ে ৮ জুন নির্ধারণ করা হয়েছে। আর জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সর্বশেষ ২০১০ সালের ২ অক্টোবর দেব দুলাল বাড়ইকে সভাপতি ও শেখ শাহজালাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রলীগের ১২ সদস্যের কমিটি করা হয়। পরে ২০১২ সালের ৪ জুন ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগের সাধারণ সম্পাদক শাহজালাল এবার সভাপতি ও আসাদুজ্জামান রাসেল সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। তাঁরা দুজনই মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের অনুসারী।
সম্মেলন সামনে রেখে নগরের বিভিন্ন স্থাপনা দখল করে লাগানো হয়েছে পদ প্রত্যাশীদের ব্যানার-পোস্টার। বিজ্ঞাপন থাকা বড় বড় বিলবোর্ডের ওপরই ঝোলানো হয়েছে ব্যানার। গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিববাড়ি মোড়, কদমতলা মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, রয়েল মোড়, রূপসা ট্রাফিক মোড়, ময়লাপোতা মোড়সহ আরও কয়েকটি এলাকা বিভিন্ন কোম্পানির অন্তত ৩০টি বিলবোর্ড দখল করে টাঙানো হয়েছে শাহজালাল হোসেন ও আসাদুজ্জামান রাসেলের ব্যানার। এর মধ্যে বেশির ভাগ ব্যানার রয়েছে শাহজালালের। ব্যানারগুলোতে পদ প্রত্যাশীদের ছবি ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল, খুলনা-৩ আসনের সাংসদ মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও শেখ হেলালের ভাই শেখ সোহেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছবি রয়েছে। এ ছাড়া রয়েল মোড়ে অবস্থিত চিংড়ির ভাস্কর্যটি রাসেলের ব্যানার দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে।
বিলবোর্ড দখলের বিষয়ে জানতে চাইলে শাহজালাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর সমর্থকেরা নিজ নিজ উদ্যোগে বিলবোর্ডগুলোতে ব্যানার লাগিয়েছেন। তবে লাগানোর আগে ওই সব বিলবোর্ড মালিকের অনুমতি নেওয়া হয়েছে। সম্মেলনের পরের দিনই এগুলো খুলে ফেলা হবে।
আসাদুজ্জামানও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নিয়ে বিলবোর্ডে নিজেদের ব্যানার লাগানো হয়েছে।