বিলবোর্ডে খুনের মামলা প্রত্যাহারের দাবি সন্ত্রাসীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে টাঙানো বিলবোর্ড। ছবিটি গতকাল বিকেলে লালদীঘির পাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে টাঙানো বিলবোর্ড। ছবিটি গতকাল বিকেলে লালদীঘির পাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এস এম শফিকুল ইসলামের মামলা প্রত্যাহারের দাবিতে নগরের মুরাদপুর ও লালদীঘির পাড় এলাকায় বিলবোর্ড টাঙানো হয়েছে। এতে শফিকুলের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের ছবিও ব্যবহার করা রয়েছে। পুলিশ বলছে, শফিকুল যুবলীগ কর্মী মেহেদী হাসান হত্যা মামলার আসামি। এ ছাড়া হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামাসহ আরও নয়টি মামলা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নামে টাঙানো এই বিলবোর্ডে শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এতে তাঁকে ‘সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক’ উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক মাস ধরে দেশে নেই শফিকুল।
জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এস এম শফিকুল ইসলাম নামের কোনো নেতা সংযুক্ত আরব আমিরাত শাখা যুবলীগের কমিটিতে নেই। শফিকুল ইসলাম অন্যায়ভাবে যুবলীগের পদবি ব্যবহার করছেন।’
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, শফিকুল নগর যুবলীগের কেউ নন। তিনি আরও বলেন, ‘আমরা কেন তাঁর মামলার প্রত্যাহার চেয়ে বিলবোর্ডে দাবি জানাব? সংগঠনের কেউ মিথ্যা মামলায় ফেঁসে গেলে তখন পত্রিকায় বিবৃতি দিয়ে দাবি জানাব।’
পুলিশ জানায়, খুন হতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়ে গত ৪ জুন চট্টগ্রামের বায়েজিদ এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেছিলেন, শফিকুল ইসলাম ও তাঁর ভাইয়েরা দেশের বাইরে গিয়ে তাঁকে খুন করাতে পারেন। জিডি করার পর গত ১ সেপ্টেম্বর রাতে নিজ বাসার অদূরে মেহেদী খুন হন। তখন পুলিশ বলেছিল, এটি পেশাদার খুনির কাজ। শফিকুল ইসলামসহ ২২ জনকে এই খুনের মামলায় আসামি করা হয়। খুনের ঘটনার পর তিনি আর দেশে আসেননি।
নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘শফিকুল ইসলাম আমার স্বামীকে খুন করিয়েছেন। খুনের তিন দিন আগে তাঁর বায়েজিদ এলাকার বাসায় গোপন বৈঠক হয় বলে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি। আমার স্বামীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন শফিকুল। এখন তিনি বিলবোর্ড টাঙিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তাহলে এ দেশে কি আমরা খুনের বিচার পাব না?’
মেহেদী হাসান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের রাজনীতিতে প্রভাব রাখতেন। তাঁর অনুসারী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুল ইসলাম নিজেকে যুবলীগের নেতা দাবি করে নগরের বিভিন্ন জায়গায় বিলবোর্ড টাঙিয়ে তাঁর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমাদের ছেলেরা ইতিমধ্যে বায়েজিদসহ কয়েকটি এলাকা থেকে ছয়টি বিলবোর্ড সরিয়ে ফেলেছে। একজন খুনি কীভাবে বিলবোর্ড ব্যবহার করে, সেটা আমাদের প্রশ্ন?’
পুলিশ সূত্র জানায়, শফিকুল ইসলামরা আট ভাই। দুবাইতে শফিকুলের ব্যবসা-বাণিজ্য রয়েছে। চট্টগ্রামের তাঁর নিয়মিত যাতায়াত আছে। ভাইদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে চারজন সম্পৃক্ত। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজন। তবে যে দলই ক্ষমতায় থাকুক বায়েজিদ এলাকায় শফিকুলের পরিবারের দাপট থাকে।
জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘আমি গত সপ্তাহে যোগ দিয়েছি। থানার কাগজপত্র যাচাই করে দেখতে পাচ্ছি বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে এস এম শফিকুল ইসলামের নাম আছে। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা আছে।’