বিলাসবহুল গাড়ি জব্দ
বারিধারায় চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। একটি ওয়ার্কশপে বেশ কিছুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল গাড়িগুলো। অধিদপ্তরের ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে গাড়িগুলো কেনা হয়েছিল। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গাড়িগুলোর মধ্যে দুটি মার্সিডিজ, একটি অডি ও একটি বিএমডব্লিউ ব্র্যান্ডের। এগুলো স্বদেশ মোটরসের তত্ত্বাবধানে ছিল। মার্সিডিজ ব্র্যান্ডের দুটি গাড়ির মধ্যে একটির সঙ্গে ঢাকা মেট্রো ঘ ১১-৮০৮৯ নম্বরপ্লেট যুক্ত ছিল। অন্যটির কোনো নম্বরপ্লেট নেই। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময় মেরামতের নাম করে গাড়ি চারটি স্বদেশ মোটরসের গ্যারেজে রাখা হয়। কিন্তু পরে আর কেউ নিতে আসেনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িগুলো জব্দ করা হয়। জব্দ করা গাড়িগুলোর শুল্কসহ মূল্য প্রায় ১০ কোটি টাকা। গাড়ির মালিক সম্পর্কে জানতে গোয়েন্দারা কাজ করছেন বলে মইনুল খান জানিয়েছেন।