বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আবারও একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তেজগাঁও এলাকার একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় এটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, বিএমডব্লিউ এক্স ৫ মডেলের কালো রঙের এই গাড়িটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

তেজগাঁওয়ের ওয়ার্কশপ থেকে জব্দ করা বিএমডব্লিউ গাড়ি। ছবি : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে
তেজগাঁওয়ের ওয়ার্কশপ থেকে জব্দ করা বিএমডব্লিউ গাড়ি। ছবি : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গাড়িটি তেজগাঁও এলাকায় ৩৪৫ নম্বরের মাল্টি ব্রান্ড ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওয়ার্কশপের কর্মচারীদের কাছ থেকে জানা গেছে, তাজুল নামের এক ড্রাইভার প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে রেখে যান। কিন্তু এরপর কেউ এটি নিতে আসেননি। ২০০৭ সালের এক্স ৫ মডেলের এই গাড়ির ‘ঢাকা মেট্রো শ ০০-০৫০১’ উল্লেখ করা নম্বর প্লেট যুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে ২০১১ অথবা ২০১২ সালে দিকে শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আমদানি করা হয়েছিল। চার বছর ধরে রেজিস্ট্রেশন ছাড়াই গাড়িটি চলাচল করছিল। জার্মানির তৈরি গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা প্রায় ৩০০০ সিসি। এই হিসেবে গাড়ির মোট শুল্ক ৬০১ ভাগ।

তেজগাঁওয়ের ওয়ার্কশপ থেকে জব্দ করা বিএমডব্লিউ গাড়ি। ছবি : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে
তেজগাঁওয়ের ওয়ার্কশপ থেকে জব্দ করা বিএমডব্লিউ গাড়ি। ছবি : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সৌজন্যে

মইনুল খান বলেন, এর আগে ১২টি বিভিন্ন মডেলের বিলাসবহুল প্রাইভেট কার ও জিপ শুল্ক ফাঁকি দিয়ে আনার দায়ে জব্দ করা হয়। ধরপাকড়ের কারণে মেরামতের নাম করে গাড়িটি ওয়ার্কশপে ফেলে রাখা হয়। গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেওয়া হয়েছে। অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করার ব্যবস্থা নেওয়া হবে।