বিলুপ্ত ছিটমহলে শৌচাগার নির্মাণে অনিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত পুটিমারী ছিটমহলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় শৌচাগারগুলো অল্প দিনেই ভেঙে পড়েছে। আবার নিয়ম না থাকলেও এসব শৌচাগার নির্মাণে ইট, পাথর ও বালু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বোদা উপজেলা কার্যালয়ের অর্থায়নে মাস খানেক আগে পুটিমারীতে ৩০টি বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা হয়। এ নির্মাণকাজ সম্পর্কে, এমনকি ঠিকাদারের বিষয়েও কোনো তথ্য দিতে রাজি হননি বোদা উপজেলা প্রকৌশলী।
তবে এলজিইডির একটি সূত্র বলেছে, প্রতিটি শৌচাগার নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১৪ হাজার টাকা। এই টাকায় একটি উন্নত মানের প্যান, এমএস রড দিয়ে তৈরি করা পিলার (খুঁটি) ও রিং, পাঁচ ইঞ্চি ইটের গাঁথুনির প্ল্যাটফর্ম, চারদিকে টিনের বেড়া, দরজাসহ মোট ১৩টি উপকরণ ব্যবহারের কথা উল্লেখ আছে দরপত্রের শিডিউলে।
পুটিমারীর বাসিন্দারা অভিযোগ করেন, অল্প কিছু ইট দিয়ে প্ল্যাটফর্ম বানিয়ে চার কোণে বাজার থেকে কিনে আনা নিম্নমানের চারটি সিমেন্টের খুঁটি এবং চারটি নিম্নমানের রিং বসিয়ে কোনোমতে শৌচাগারগুলো নির্মাণ করা হয়েছে। খুঁটিগুলো পুঁতে দেওয়া হয়েছে যেনতেনভাবে। শৌচাগারের কোনোটিতে প্লাস্টিকের, কোনোটিতে সিরামিকের প্যান ব্যবহার করা হয়েছে। নির্মাণ উপকরণ নিয়মমাফিক ব্যবহার না করায় সেগুলো শৌচাগার থেকে খসে পড়েছে। কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শৌচাগার নির্মাণে ইট, পাথর, সিমেন্ট, বালু ও পাইপ লেগেছে সামান্যই। তা-ও কিনে দিতে হয়েছে তাঁদেরই।
বাসিন্দা বানু আক্তার (২৫) বলেন, ‘নেতাদের ৫০০ টাকা দিয়ে জীবনে প্রথম একটা সরকারি অনুদান পেলাম। আমরাই সবকিছু কিনে দিলাম। দুপুরে মিস্ত্রিদের ভাত খাওয়াইলাম। তারপরও এত নিম্নমানের কাজ করেছে যে নির্মাণের দিনই খুঁটি ও পলেস্তারা ভেঙে গেছে। আমরা গরিব মানুষ, তাই ওরা আমাদের ঠকিয়েছে।’ বিলুপ্ত ছিটমহলের সাবেক নেতা আবু জাকির বলেন, অনেক দেনদরবার করে তিনি একটি শৌচাগারের বরাদ্দ পান। কিন্তু তাঁকেও ইট, সিমেন্ট, বালু ও পাথর কিনে দিতে হয়েছে। তারপরও কোনোমতে শৌচাগার নির্মাণ করায় প্ল্যাটফর্ম, পিলারসহ সবকিছু ভেঙে পড়েছে।
বিলুপ্ত পুটিমারী ছিটমহলের সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন বলেন, ঠিকাদার নিম্নমানের কাজ করেছে। এলজিইডির বোদা উপজেলা প্রকৌশলী আবদুল মালেক মণ্ডল পুটিমারীতে শৌচাগার নির্মাণের বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, কাজ এখনো শেষ হয়নি। প্রয়োজনে ঠিকাদার আবার কাজ করে দেবেন। ইউএনও আবু আউয়াল বলেন, ‘শৌচাগার নির্মাণে ত্রুটির অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’