বিলে আধিপত্য ধরে রাখতে কৃষকদের মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে কৃষকদের মারধর করে খননকাজে ব্যবহার করা তেল ও ঢেউটিন লুট করার অভিযোগ পাওয়া গেছে। বিলে একতরফাভাবে মাছ চাষ চালিয়ে যেতে কৃষকদের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় আট লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন কৃষকেরা।
গতকাল সোমবার স্থানীয় বাগমারা প্রেসক্লাবে এসে কৃষকেরা এসব অভিযোগ করেন। তবে চেয়ারম্যান লুৎফর রহমান নিজে হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
গাজিউর রহমান, আকরাম হোসেন, আফজাল হোসেনসহ ১২ জন কৃষক অভিযোগ করেন, দুই বছর ধরে নাককাটি বিলে স্থানীয় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপিকর্মী জাবের আলী, মমতাজসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিল-সংলগ্ন ধানখেতে বিনা মূল্যে সেচের পরিবর্তে ওই জলাশয়ে মাছ চাষ করে আসছেন। অধিকাংশ কৃষকই এ মাছ চাষের বিরোধী। তাঁদের সঙ্গে এ নিয়ে প্রভাবশালীর কয়েক দফা সংঘর্ষও হয়। এ নিয়ে প্রথম আলোয় সংবাদও ছাপা হয়েছে।
কৃষকেরা বলেন, ওই সব জমিতে জলাবদ্ধতা থাকায় ধান চাষ করা সম্ভব হয় না। তাই শতাধিক কৃষক এবার তাঁদের নিচু জমিতে পুকুর খনন করে নিজেরাই মাছ চাষের উদ্যোগ নেন। এ জন্য গত রোববার খননযন্ত্র বসিয়ে পুকুর খননের প্রক্রিয়াও শুরু করেন তাঁরা। দুপুরের দিকে বিল দখলকারী প্রভাবশালীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভাড়াটে লোকজন নিয়ে এসে কৃষকদের ওপর হামলা চালান। এতে কৃষক, পুকুর খননে নিয়োজিত শ্রমিকসহ পাঁচজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দেশীয় অস্ত্রের মুখে কৃষকেরা টিকতে না পেরে পালিয়ে গেলে সেখান থেকে খননযন্ত্র সরিয়ে ফেলাসহ হামলাকারীরা কৃষকদের (খননকারী) চার ড্রাম জ্বালানি তেল, ঢেউটিন ইত্যাদি লুট করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বাগমারা থানার উপপরিদর্শক আবদুল গণি বলেন, একটি পক্ষ কয়েকজন কৃষককে তাড়িয়ে দিয়ে সেখানে থাকা জ্বালানি তেল, ঢেউটিন লুট করেছে। তবে কেউ অভিযোগ দেওয়া হয়নি।
চেয়ারম্যান লুৎফর রহমান ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, বিল-সংলগ্ন এলাকার কৃষকদের জমিতেবিনা মূল্যে সেচ দেওয়ার শর্তে চার বছর বিলে মাছ চাষের চুক্তি ছিল। শর্তানুযায়ী আরও দুই বছর বাকি থাকতেই কয়েকজন কৃষক অন্যের কাছে কিছু জমি ইজারা দেন। এসব লোক জমিতে পুকুর খনন করছিলেন। চেয়ারম্যানের লোকজন গিয়ে খননকারীদের তাড়িয়ে দেন।