বিলে ইটভাটা, অবৈধ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মতীর্থ হাওর এলাকায় সরাইল-নাসিরনগর-লখাই আঞ্চলিক মহাসড়কের পাশের ইন্দুরদাইন খালের মাঝখান দিয়ে নির্মাণ করা হয়েছে রাস্তা। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
ধর্মতীর্থ হাওর এলাকায় সরাইল-নাসিরনগর-লখাই আঞ্চলিক মহাসড়কের পাশের ইন্দুরদাইন খালের মাঝখান দিয়ে নির্মাণ করা হয়েছে রাস্তা। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ মৌজার বিল এলাকায় সরকারি জমি ও খাল দখল করে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। জাকির হোসেন নামের এক ব্যক্তি এক বছর ধরে ওই ইটভাটা নির্মাণ করছেন বলে জানা গেছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, গত বছর ইটভাটাটির নির্মাণকাজ শেষ না হওয়ায় এবার ভাটা তৈরির কাজ পুরোদমে
চলছে। ইটভাটায় যাওয়ার জন্য সরাইল-নাসিরনগর-লখাই আঞ্চলিক মহাসড়কের পাশে ইন্দুরদাইন খালের ওপর দিতে রাস্তা তৈরি করা হয়েছে।
স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ধর্মতীর্থ মৌজার ৭১ নম্বর দাগের জায়গাটির মালিক সরকার। কালীকচ্ছ ইউনিয়নের কয়েকজন লোকের সহায়তায় গত বছর ধর্মতীর্থ মৌজার বিল এলাকাটির ৭১ নম্বর দাগের এক একর জমি দখল করেন আশুগঞ্জের জাকির হোসেন। ওই এক একর অংশটি সড়ক ও জনপথের (সওজ)। একই সঙ্গে পাশের ৩ নম্বর দাগের ব্যক্তিমালিকানাধীন দুই একর জায়গা ভাড়া নেন। এরপর থেকে তিনি সেখানে ‘আশা’ নামে একটি ইটভাটা গড়ে তুলছেন। এ জন্য তিনি প্রথমে সরাইল-নাসিরনগর-লখাই আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশের ২৩ নম্বর দাগের ২ নম্বর খতিয়ানভুক্ত জায়গা এবং ২২ নম্বর দাগের ১ নম্বর খতিয়ানভুক্ত ইন্দুরদাইন খাল দখলে নিয়ে ইটভাটার জন্য রাস্তা নির্মাণ করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন কৃষক বলেন, খালের পানি দিয়েই তাঁরা জমিতে সেচ দিতেন। এখন রাস্তা তৈরি করায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে ইরি ধানের উৎপাদন ব্যাহত হবে।
সরকারি জায়গা দখল করে ইটভাটা ও রাস্তা নির্মাণ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘উপজেলার সূর্যকান্দী গ্রামের ছোট্টন মিয়াসহ কয়েকজনের কাছ থেকে তিন একর জমিটি ভাড়া নিয়ে ইটভাটা নির্মাণ করছি। আর সরকারি জায়গায় যে রাস্তা নির্মাণ করা হয়েছে, সওজের অফিস থেকে দুই-এক দিনের মধ্যে তার অনুমোদন নিয়ে নেব।’
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটভাটা তো এখনো শুরুই করিনি। শুরু করার আগে নিয়ে নেব।’
কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী গ্রামের ছোট্টন মিয়া মুঠোফোনে বলেন, জাকির হোসেন তাঁদের কাছ থেকে দুই একর জায়গা ভাড়া নিয়েছেন। এর বাইরে তারা আর কিছু জানেন না।
ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য মুঠোফোনে বলেন, ‘আমার জানামতে ওই জায়গায় ইটভাটা নির্মাণের কোনো অনুমোদন নেই। খোঁজখবর নিয়ে আমি শিগগিরই ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।