বিলে বাঁধ দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুরের মধ্যে অবস্থিত মৎস্য অভয়াশ্রম ঘোষিত আশুরা বিলের শতাধিক স্থানে অবৈধভাবে আড়াআড়ি মাটির বাঁধ এবং বাঁশের তৈরি চাঁইয়ের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী মৎস্যজীবীরা এভাবে মাছ শিকার করছেন বলে জানা গেছে। মাছের অভয়াশ্রমে এভাবে সারা বছর মাছ শিকার চললেও প্রশাসন বা জনপ্রতিনিধি কেউই তা প্রতিরোধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
নবাবগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় বলেন, ২০০৫-০৬ অর্থবছরে বিলের নবাবগঞ্জ অংশে পড়া বুড়িরদহ এলাকার ১০ হেক্টর এবং ২০১৪-১৫ অর্থবছরে কাজলারদহ এলাকার দশমিক ৫ হেক্টর এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। এই বিলকে কেন্দ্র করে ২৯টি মৎস্য সমিতির ৬০৪ জন মৎস্যজীবী রয়েছেন। ২৯টি সমিতি নিয়ে একটি ‘সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কমিটি’ রয়েছে। এই সমিতিকে বিলের রক্ষণাবেক্ষণসহ নিষিদ্ধ তিন মাস বাদে বছরের বাকি সময় মাছ শিকারের অনুমোদন দেওয়া আছে। তবে বিলে বাঁধ দেওয়ার কোনো বিধান নেই। সমিতি কাউকে বন্দোবস্তও দিতে পারবে না।
গত বুধবার বিকেলে আশুরা বিল এলাকা ঘুরে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ থেকে ১০০ গজ দূরেই আড়াআড়িভাবে মাটির আইল তৈরি করে এবং অনেকগুলো চাঁই একত্র করে বেড়া বানিয়ে বিলটিকে ভাগ করা হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা নিজ নিজ ভাগে মাছ শিকার করেন।
বাসটেক গ্রামের মৎস্যজীবী রহমতুল্লাহ্ (৬৫) বলেন, বহুদিন ধরে আশুরা বিলে মৎস্যজীবীরা বিভিন্ন অংশ ভাগ করে নিয়ে মাছ চাষ করছেন। আসলে শুষ্ক মৌসুমে বিলের যে অংশে যে চাষাবাদ করেন, বর্ষায় জমির সেই সীমানা অনুযায়ী প্রভাবশালীরা বাঁধ নিয়ে মাছ ধরেন। অনেক সময় সমিতির পক্ষ থেকেও বছরভিত্তিক বন্দোবস্ত দেওয়া হয়।
মৎস্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলম বলেন, কমিটি ১০ বছরের জন্য মৎস্য অধিদপ্তর ও ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে বিলটি ইজারা নিয়েছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ—এই তিন মাস মাছের প্রজননকাল। এ সময় বিলে মাছ ধরা নিষেধ। ইজারার শর্ত অনুযায়ী, বছরের বাকি সময় সমিতির সদস্যরা জাল দিয়ে মাছ ধরবেন, তবে কোনো বাঁধ দিতে পারবেন না। তিনি আরও বলেন, তারপরও বহু বছর ধরে স্থানীয় একশ্রেণির প্রভাবশালী মৎস্যজীবী বিলের জায়গা দখল করে চাষাবাদ এবং যথেচ্ছ মাছ শিকার করে আসছেন। এতে করে বিলে পানির প্রবাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি দিন দিন সংকীর্ণ হয়ে পড়ছে বিলটি। এর আগে মৎস্য কার্যালয়ের মাধ্যমে ওই সব আইল ও ডারকি উচ্ছেদের চেষ্টা করলেও প্রভাবশালীদের বাধার মুখে তা সম্ভব হয়নি।
বিল-সংশ্লিষ্ট গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী (৪৮) বিলে বাঁধ দিয়ে সারা বছর মাছ শিকারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যারা এটা করছে, তারা সবাই স্থানীয় লোকজন। আমি তাদেরই জনপ্রতিনিধি। তাই আমার পক্ষে আয়ের উৎস থেকে তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি।’ তবে প্রশাসন কোনো ব্যবস্থা নিলে তিনি সহযোগিতা করবেন বলে জানান।
নবাবগঞ্জ ও বিরামপুর মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ অংশের ২৫১ হেক্টর এবং বিরামপুর অংশের ১০৯ হেক্টর নিয়ে মোট ৩৬০ হেক্টর এলাকাজুড়ে এই আশুরা বিল। এখানে বিভিন্ন দেশীয় মাছসহ লাল খলশে, কাকিলাসহ আট প্রজাতির বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ পাওয়া যায়।
নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মাছের অবাধ বিচরণ বাধাগ্রস্ত করে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। আশুরার বিলে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়টি তাঁর জানা ছিল না। তবে জানতে পেরে গত বৃহস্পতিবার বিকেলেই তিনি বিল পরিদর্শন করেছেন। এরপর মুঠোফোনে তিনি জানান, শিগগিরই বিল থেকে মাটির আইল ও ডারকির বেড়া অপসারণ করা হবে।