বিলের বাঁধ কাটায় ভেসে গেছে ১২ লাখ টাকার মাছ?
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বরিয়ার বিলের বাঁধ গত রোববার রাতে কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার মাছ বিল থেকে বের হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় একজনকে প্রধান করে গতকাল সোমবার থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিলটি কুকরারাই মদিনাতুল উলুম মাদ্রাসার নামে ইজারা নেওয়া। কুকরারাই গ্রামের সালাম মিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে বিলটি এক বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেন। বিলটির পাশেই কচুয়াখলা গ্রামের স্বপনচন্দ্র দাস পুকুরে মাছ চাষ করেন। তিনিও বিলের ইজারা পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ নিয়ে সালামের সঙ্গে স্বপনের শত্রুতা ছিল। রোববার রাতে স্বপনসহ তাঁর লোকজন বিলটির বাঁধ কেটে ফেলেন। এ ঘটনায় গতকাল স্বপনকে প্রধান করে থানায় অভিযোগ করা হয়েছে।
সালাম মিয়া বলেন, রোববার রাতে বিল পাহারায় ছিলেন সমরেন্দ্র দাস নামের এক ব্যক্তি। রাত সাড়ে ১২টার পর সমরেন্দ্র দেখতে পান, স্বপনসহ তাঁর লোকজন বিলের পাড় দিয়ে দ্রুত চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর বাঁধ কেটে ফেলার বিষয়টি সমরেন্দ্র দাসের নজরে আসে। বিলটি ঘোড়াউত্রা নদীর সঙ্গে যুক্ত। পরে চেষ্টা করেও বিলের পানি ও মাছ আটকানো যায়নি। বিলটিতে যে পরিমাণ মাছ ছিল, তা ওই দিন বিক্রি করা গেলে ১৫ থেকে ১৬ লাখ টাকা পাওয়া যেত। বাঁধ কাটার কারণে ১২ থেকে ১৩ লাখ টাকার মাছ নদীতে চলে গেছে।
এ বিষয়ে স্বপন দাস বলেন, ‘আমার ও সালামের পেশা একই হলেও উল্লেখ করার মতো শত্রুতা নেই। সাধারণ পূর্বঘটনার সূত্র ধরে এখন প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।