বিলের ২০ বিঘা জমি বেদখল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম সরকার এবং তাঁর ভাই জিল্লুর রহমানের বিরুদ্ধে বিলের প্রায় ২০ বিঘা জায়গা দখলের অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় এলাকার আরিফুল ইসলাম ও রহিদুল ইসলামের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী গত ১৩ নভেম্বর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির বরাবর লিখিত অভিযোগ করেছেন।

আলমগীর কবির অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সিএস এবং এসএ রেকর্ডে ওই জমি ওই দুই ব্যক্তির নামেই রয়েছে। সর্বশেষ আরএস রেকর্ডে বিলের জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত হয়েছে। ফলে অভিযুক্ত ব্যক্তিদের আদালত থেকে রেকর্ড সংশোধনের মাধ্যমে জমিতে অবস্থান করতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক সাংসদ আবুল কাশেম সরকার বলেন, ‘পৈতৃক সূত্রে আমরা বিলের ওই জায়গা ভোগদখল করছি। মাছ চাষের জন্য আমরা গত শুকনো মৌসুমে সেখানে পুকুর খননের কাজও শুরু করি। অভিযোগকারীরা ব্যক্তিস্বার্থে এ ধরনের অভিযোগ এনে আমাদের সুনাম ক্ষুণ্ন করছেন।’

ভূমি কার্যালয়েদেওয়া অভিযোগপত্র ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ মৌজার লিয়ালগাড়ী বিলে খাস খতিয়ানভুক্ত প্রায় ২০ বিঘা জমি রয়েছে। এলাকার মানুষ বর্ষায় উন্মুক্ত এই জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখন পানি নেমে যাওয়ায় বিলের ওই ২০ বিঘা জমিজুড়ে আবুল কাশেম সরকার ও তাঁর ভাই জিল্লুর রহমান গাছের ডালপালা ফেলে দখলে রেখেছেন। এ কারণে এলাকার গরিব মানুষ সেখানে মাছ ধরতে পারছেন না।

অভিযোগকারী রহিদুল ইসলাম জানান, আরএস খতিয়ানে খাঁকড়াদহ মৌজার৪৮০৫ দাগের প্রায় ২০ বিঘা খাসজমি গত শুকনো মৌসুমে আবুল কাশেম ও তাঁর ভাই দখল করে সেখানে পুকুর খনন করেন। এলাকাবাসীর অভিযোগের পর ইউএনওর হস্তক্ষেপে গত বছর পুকুর খননকাজ বন্ধ ছিল। এবারও তাঁরা একই তৎপরতা চালাচ্ছেন।