বিলোনিয়া সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওবাউননি আইডু আবুদিনে (৩৫) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছেন বিজিবির সদস্যরা।
গতকাল বুধবার সকালে পরশুরাম পৌরসভার ভারতীয় সীমান্তসংলগ্ন উত্তর বাউরখুমা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে আটক
করা হয়।
ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার বলেন, বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিজিবির মজুমদারহাট সীমান্তচৌকির সদস্যরা গতকাল সকালে পরশুরামের উত্তর বাউরখুমা গ্রামের একটি বাড়ি থেকে ওবাউননি আইডুকে আটক করেছেন। তাঁর কাছে মেয়াদোত্তীর্ণ ভারতীয় ভিসাসহ একটি পাসপোর্ট, ৪৫ হাজার ভারতীয় মুদ্রা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোনসেট, ভারতীয় তিনটি সিম ও বিভিন্ন ধরনের কিছু বড়ি পাওয়া গেছে। তাঁকে পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, নাইজেরিয়ান নাগরিক ওবাউননির পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করে দেখা গেছে যে তিনি গত ১৪ ফেব্রুয়ারি ভারতের ভিসা নিয়ে দিল্লি পৌঁছান। ভারতে তাঁর ভিসার মেয়াদ ছিল ২ আগস্ট পর্যন্ত। তাঁর পাসপোর্টে ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ভিসা লাগানো ছিল। কিন্তু তিনি কী কারণে বৈধ পথে না এসে অবৈধভাবে ঢুকেছেন, তা জানার চেষ্টা চলছে।