বিশেষ অভিযানে চার জেলায় গ্রেপ্তার ২১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জেলায় গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের অনেককে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সরকার বলছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।

যশোর: আটটি উপজেলা থেকে জামায়াতের নয়জন নেতা-কর্মী ও বিএনপির এক কর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। জামায়াতের আটক নেতাদের মধ্যে রয়েছেন চৌগাছা উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল লতিফ, পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান ও ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি লিয়াকত আলী।
যশোরের সহকারী পুলিশ সুপার সাফিন মাহমুদ বলেন, ‘সারা দেশের নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চালানো হচ্ছে। নাশকতার পরিকল্পনা ও সৃষ্টিকারীদের আটক করা হচ্ছে। একই সঙ্গে নিয়মিত মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এমন অপরাধীদের ধরা হচ্ছে।’

কুষ্টিয়া: গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতা-কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপির ১৩ জন ও জামায়াতের ৪৩ জন রয়েছেন।

জামালপুর: জামালপুর সদরসহ পাঁচ উপজেলায় বিশেষ অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের ১৯ জন ও বিএনপির ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৪৪ জন বিভিন্ন মামলার আসামি। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

সাতকানিয়া (চট্টগ্রাম) : উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল রাতে র্যাব-বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফাইজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ১৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নাশতকার পরিকল্পনার অভিযোগে একটি মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।