বিশেষ পরীক্ষার দাবিতে হলে ভাঙচুর, তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ পরীক্ষার দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তিনটি পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেন এবং চারটি কক্ষের জানালা ভাঙচুর করেন। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে ছয় শিক্ষার্থী আহত হন।
এতে গতকাল দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। ঘটনার সময় কয়েকজন ছাত্রী পুলিশের হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।
ইংরেজি বিভাগ সূত্র জানায়, গত বছর অনুষ্ঠিত প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ৩৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। ওই শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষার অনুমতি চাইলে বিষয়টি বিভাগ কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ রয়েছে।
গতকাল বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম বর্ষে অকৃতকার্য ৩৫ জন শিক্ষার্থী বিশেষ পরীক্ষার অনুমতি না পাওয়ায় তাঁরা দ্বিতীয় বর্ষের পরীক্ষায়ও অংশ নিতে পারছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিভাগের দাপ্তরিক কক্ষসহ চারটি কক্ষে ভাঙচুর করেন। পাশাপাশি বিভাগের ২২৪, ২২৫ ও ২২৬ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেন।