বিশেষজ্ঞদের তালিকায় মৃত চিকিৎসক!
চিকিৎসক মারা গেছেন দুই বছর আগে। কিন্তু এখনো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকায় তাঁর নাম আছে। এ চিত্র রাজধানীর ফার্মগেট এলাকার আল রাজী হাসপাতালের। গতকাল শনিবার এ অনিয়মসহ বিভিন্ন অপরাধে হাসপাতালটিকে ছয় লাখ টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
একই আদালত ওই এলাকার আল ফাতেহ মেডিকেল সার্ভিসেস সেন্টার নামের একটি ক্লিনিকের ব্যবস্থাপককে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে তা সিলগালা করে দেওয়া হয়। চিকিৎসকের স্বাক্ষর জাল করে এই ক্লিনিকে মেডিকেল প্রতিবেদন তৈরির অপরাধে এ সাজা দেওয়া হয়।
এদিকে গতকাল অন্য এক অভিযানে চিকিৎসক সেজে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে রাজধানীর আদাবরের এসপি হাসপাতালের মালিকসহ ১০ জনকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত আল রাজী হাসপাতাল ও আল ফাতেহ মেডিকেল সার্ভিসেস সেন্টারে অভিযান চালায় র্যা ব। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আল রাজী হাসপাতালে গিয়ে দেখা যায়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাইনবোর্ডে খোরশেদ আলম নামের একজন চিকিৎসকের নাম আছে। অথচ তিনি মারা গেছেন দুই বছর আগে। হেপাটাইটিসের মতো রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। তল্লাশি করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদানও পাওয়া গেছে। এ ছাড়া হাসপাতালের অস্ত্রোপচারকক্ষটি নোংরা ও অস্বাস্থ্যকর। এসব অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সাইনবোর্ড থেকে প্রয়াত চিকিৎসকের নাম সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়।
সারওয়ার বলেন, ফার্মগেট এলাকার আল ফাতেহ মেডিকেল সার্ভিসেস সেন্টারটি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল। এখানকার প্যাথলজি শাখা থেকে ৫২টি মেডিকেল প্রতিবেদন জব্দ করা হয়। এসব প্রতিবেদনে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের চিকিৎসক শাহানুর করিমের স্বাক্ষর আছে। ফোন করা হলে তিনি জানান, তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে। সারওয়ার বলেন, এসব অপরাধে ক্লিনিকটির ব্যবস্থাপক দিদারুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। এদিকে গতকাল দুপুরে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে রাজধানীর আদাবরের রিং রোডের প্রবাল হাউজিং এলাকায় এসপি হাসপাতালে অভিযান চালানো হয়। র্যা ব-২-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হাসপাতালের মালিক সনজিৎ চক্রবর্তী বিভিন্ন ধরনের ডিগ্রি ব্যবহার করে চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন।
এ ছাড়া প্রয়োজন ছাড়াই রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, আবার এ পরীক্ষা-নিরীক্ষায় কোনো অভিজ্ঞ চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়।