বিশেষত্ব হারিয়েছে বিশেষ অভিযান

পুলিশের এক সপ্তাহের জঙ্গিবিরোধী বিশেষ অভিযান শেষ হয়েছে। অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা বলছেন, সামগ্রিক বিচারে অভিযান সফল। জঙ্গিদের দুর্বল করতে পেরেছেন তাঁরা। তবে মানবাধিকারকর্মী, জঙ্গিবাদ নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, বিশেষ অভিযান বিশেষত্ব হারিয়েছে। অভিযানের সফলতা এখন পর্যন্ত বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারেনি পুলিশ।
অভিযানের নামে ঢালাও ধরপাকড়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অনেকে। বিভিন্ন জেলায় ‘গ্রেপ্তার-বাণিজ্যের’ অভিযোগও উঠেছে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে হাজির করা হয়নি। ঈদের আগে সাঁড়াশি অভিযানের নামে কিছু পুলিশ সদস্যকে ‘গ্রেপ্তার-বাণিজ্য’ করার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি।
পুলিশ বলছে, সাত দিনের অভিযানে মোট ১৯৪ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিবিরোধী অভিযানে ঢালাও গ্রেপ্তারের অভিযোগ ওঠার পর গত বুধবার থেকে সারা দেশে মোট গ্রেপ্তারের তথ্য আর গণমাধ্যমকে জানায়নি পুলিশ সদর দপ্তর। তার আগে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে ১১ হাজার ৩১২ জনকে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। শেষ দুই দিন কেবল জঙ্গি গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, সারা দেশের থানাগুলোতে জঙ্গিদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে এই বিশেষ অভিযান শুরু হয়। সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি এই অভিযানে জঙ্গিদের সম্পর্কে একটি তথ্যভান্ডারও গড়ে তোলা হয়েছে। এটা অভিযানের বড় সাফল্য।
এ ছাড়া গণগ্রেপ্তারের যে অভিযোগ উঠেছে, তা-ও ঠিক নয় বলে দাবি করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, অভিযান চলাকালে গত এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে মাত্র ৯ দশমিক ৪ শতাংশ বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণত এক সপ্তাহে ১০ হাজারের মতো মানুষ সারা দেশে গ্রেপ্তার হয়।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৯৪ জন সন্দেহভাজন জঙ্গির মধ্যে ১৫১ জন জেএমবি, ৭ জন জেএমজেবি, ২১ জন হিযবুত তাহ্রীর, ৬ জন আনসারুল্লাহ বাংলা টিম, ৩ জন আনসার আল ইসলাম, ৪ জন আল্লার দল, ১ জন হরকাতুল জিহাদের সদস্য এবং ১ জন আফগান ফেরত জঙ্গি। এই অভিযান চলাকালে কথিত বন্দুকযুদ্ধে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি ও সন্ত্রাসী নিহত হয়েছে।
এই অভিযান জঙ্গিদের ওপর একটা আঘাত উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল শুক্রবার বিবিসি বাংলাকে বলেন, ‘হোমগ্রোন (দেশীয়) জঙ্গি যারা রয়েছে, তারা অত অর্গানাইজ (সংগঠিত) না। তারা অনেক শক্তিশালী বলে আমরা মনে করি না। আমাদের চ্যালেঞ্জ এটাই যে, কোনো অর্গানাইজেশন আমরা পাচ্ছি না। নেতা কে, কে নেতৃত্ব দিচ্ছে, তা জানা যাচ্ছে না। তবে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করি না।’
হাজার হাজার মানুষকে আটক করে অভিযানের মাধ্যমে ‘টার্গেট কিলিং’ আসলেই বন্ধ করা সম্ভব কি না, বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বন্ধ করা সম্ভব কি না, এ মুহূর্তে বলতে পারব না। তবে এটা কমানো সম্ভব। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল, গ্রেপ্তার হওয়াদের নিশ্চয়ই কেউ না কেউ সক্রিয় ছিল, যেটা আমাদের জানা নেই। কাজেই তাদের প্রতি একটা আঘাত পড়ছে। তারা চাপে আছে। কোনো ঘটনা ঘটানোর জন্য তারা পরিকল্পনা করবে, সেই জায়গাটা আমরা এখন দুর্বল করে দিয়েছি।’
তবে মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল মনে করেন, পুলিশের বিশেষ অভিযান বিশেষত্ব হারিয়েছে। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি দেখে ও কর্মকর্তাদের কথা শুনে সবাই ধারণা করেছিল যে সাম্প্রতিক হত্যা ও হামলাগুলো পরিচালনাকারী জঙ্গি, হত্যাকারী বা পরিকল্পনাকারীদের ধরার জন্যই এ বিশেষ অভিযান চালানো হয়। এখন দেখার বিষয়, পুলিশ এ রকম কতজনকে গ্রেপ্তার করেছে। আমাদের এ ধারণা যদি ভুল হয়, তাহলে পুলিশ সেটি দেখাক।’
অভিযানে স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বেশি গ্রেপ্তার হয়েছে—পুলিশের এ বক্তব্য সম্পর্কে সুলতানা কামাল বলেন, গণগ্রেপ্তার কি না, সেটা থেকে বড় বিষয় হচ্ছে, অভিযানের উদ্দেশ্য পূরণ হয়েছে কি না। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাধারণভাবে যদি এতজন গ্রেপ্তার হতে থাকে, তাহলে এই অভিযান কেন বিশেষ অভিযান হলো? বিশেষ অভিযানের বিশেষত্বটা কী?
গ্রেপ্তার-বাণিজ্য: অভিযানের প্রথম চার দিনে বগুড়ার পুলিশ ৩৭২ জনকে গ্রেপ্তারের কথা জানায়। তবে ওই কয় দিনে পুলিশ মাত্র ১৭১ জনকে আদালতে সোপর্দ করে। বাকি ২০১ জন থানা থেকে হাওয়া। অভিযোগ উঠেছে, পুলিশ বিপুলসংখ্যক লোককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। তবে যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে বগুড়ার পুলিশ। যদিও পুলিশের গ্রেপ্তারের হিসাব আর আদালতের হিসাবের গরমিলই বলে দেয় প্রকৃত ঘটনা কী।
পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিন রোববার সন্ধ্যায় মাগুরা সদরের বেড় আকসি কাঠের পুল এলাকা থেকে চার ব্যক্তিকে আটক করে পুলিশ। পরদিন স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা ঘুষ দিয়ে তাঁরা থানা থেকে ছাড়া পান।
আটক হওয়া নিতীশ কুমার রাজবংশী নামে বেড় আকসি গ্রামের মৎস্য খামারি প্রথম আলোকে বলেন, ওই দিন রাত নয়টার দিকে তিনিসহ চারজন বাড়ির কাছে কাঠের পুল এলাকায় বসে গল্প করছিলেন। মাগুরা সদর থানার এসআই নিমাইবাবু সেখানে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে ইউপি সদস্য সেলিম মাহমুদের মধ্যস্থতায় কিছু টাকা ঘুষ দিয়ে পরদিন থানা থেকে ছাড়া পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলিম মাহমুদ বলেন, ‘এখন তো এ রকম হয়রানি চলছে। ওদের ছাড়াতে জনপ্রতি ১ হাজার ৬০০ টাকা করে লাগছে। ধলহরা গ্রামের আরেকজনও ছিল। আমাদের চারজনের সঙ্গে তাঁকেও ছাড়িয়ে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে এসআই নিমাইবাবু প্রথম আলোকে বলেন, বিশেষ অভিযানে অনেককে ধরা হয়েছিল। তাই কোন বিষয়টি নিয়ে জানতে চাওয়া হচ্ছে, তা তিনি স্মরণ করতে পারছেন না।
গ্রেপ্তার অভিযানে এ রকম ঘটনার কথা বলছেন অনেকেই। কিন্তু পরে আরও হয়রানির শঙ্কায় কেউ গণমাধ্যমের কাছে প্রকাশ্যে কথা বলতে চাননি।
জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু ১৯৪ জনকে ধরতে গিয়ে যে ১১ হাজার মানুষকে গ্রেপ্তার করা হলো, তাদের কী অভিযোগে ধরা হলো? প্রশ্ন রাখা যায়, অশুভ পন্থায় শুভ কোনো কিছু অর্জন করা যায় কি না?’
- পাঁচ দিনে গ্রেপ্তার ১১ হাজার, সন্দেহভাজন জঙ্গি ১৯৪
- দুই দিনের হিসাব পাওয়া যায়নি
- পুলিশ বলছে, স্বাভাবিকের চেয়ে ৯ শতাংশ বেশি গ্রেপ্তার