বিশ্বনাথে এক রাতে তিন বাড়িতে ডাকাতি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গত শুক্রবার রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এক গৃহবধূ আহত হয়েছেন। ডাকাতেরা এসব বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে গৃহকর্তারা দাবি করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার পর থেকে পর্যায়ক্রমে ডাকাতির ঘটনা ঘটে। রহিমপুর গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ আলীর বাড়িতে ডাকাতির পর একই গ্রামের কাতারপ্রবাসী মখলিছ আলীর এবং তাতিকোনা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ২০-২৫ জন মুখোশধারী ডাকাত ডাকাতিতে অংশ নেয়। এর মধ্যে আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতদের হামলায় তাঁর স্ত্রী শাকিলা বেগম (৩২) আহত হন। তাঁকে গতকাল সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাতারপ্রবাসীর ছেলে ছাব্বির আহমদ জানান, ডাকাতেরা তাঁদের ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকা, ১১টি মুঠোফোন, ২টি ডিজিটাল ক্যামেরা নিয়ে গেছে। যুক্তরাজ্যপ্রবাসীর ভাই আহমদ আলী বলেন, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার, ৫৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, ৬টি দামি মুঠোফোন নিয়ে যায়। আনোয়ারের বাড়িতে ডাকাতিকালে তাঁর স্ত্রীর ওপর হামলা করে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা, ২০টি মুঠোফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম জানান, একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।