বিশ্বনাথে গৃহবধূ ও ভালুকায় কৃষককে হত্যার অভিযোগ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল শুক্রবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহে এক গৃহবধূ তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষ কুপিয়ে এক কৃষককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকার দিঘলি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (২০), ময়মনসিংহের ভালুকা উপজেলার বগাজান গ্রামের বিল্লাল হোসেন (৩৪) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুস (৪০)।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
সিলেট: গতকাল সকালে বিশ্বনাথ উপজেলার দিঘলি গ্রামে জুলফিকার ঘরে বসেছিলেন ও তাঁর স্ত্রী হেলেনা বাড়ির পুকুরে বাসন ধোয়ার কাজ করছিলেন। এ সময় তিনি স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেন। সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টার মতো দরজা বন্ধ থাকায় স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে হেলেনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় জুলফিকারকে তাঁরা আটকে রাখেন। বিশ্বনাথ থানার ওসি মাসুদুর রহমান জানান, হেলেনার শরীরের সাত জায়গায় ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। জুলফিকারকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ: বগাজান গ্রামের কৃষক বিল্লাল হোসেনের সঙ্গে ১২ বছর আগে মোর্শেদা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি বিল্লাল অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে বিল্লাল ও মোর্শেদার মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিল্লাল, মোর্শেদা ও তাঁদের দুই সন্তান একই ঘরে ঘুমায়। গতকাল শুক্রবার ভোরে মোর্শেদা ঘুমন্ত অবস্থায় বিল্লালকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। গতকাল ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আবদুল কুদ্দুস মাছ ধরতে নৌকা নিয়ে ভাস্করখিলা বিলে যায়। এ সময় ধানখেতের ভেতর দিয়ে নৌকা নিয়ে যাওয়ার ঘটনায় ক্জমির মালিক মামুনের সঙ্গে কুদ্দুসের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর মামুন, কাদির ও তাঁর লোকজন ধারালো অস্ত্র নিয়ে কুদ্দুসের ওপর হামলা চালায়।