বিশ্বনাথে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল শনিবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় বিএনপির কার্যালয়ে তালা, মসজিদে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল বেলা আড়াইটার দিকে উপজেলার পুরান বাজারে বিএনপির কার্যালয়ে তালা দেন ছাত্রদলের শাহ আমির উদ্দিন পক্ষের নেতা-কর্মীরা। পরে উপজেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির আহ্বায়ক মতিউর রহমান পক্ষের নেতা-কর্মীরা তালা ভেঙে কার্যালয় দখলে নেন। বেলা তিনটার দিকে দুই পক্ষের সমর্থকেরা উপজেলা সদরে লাঠিসোঁটা, রামদা, শাবল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণও ঘটায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ সময় উপজেলার পুরান বাজারের বায়তুন আমান জামে মসজিদের কাঁচ ভাঙচুর করা হয়।
ছাত্রদল সূত্রে জানা গেছে, নবঘোষিত আহ্বায়ক কমিটিতে অছাত্র, বিবাহিত, সন্তানের জনক, প্রবাসে থাকা ব্যক্তিদের স্থান দেওয়ার প্রতিবাদে কমিটি ঘোষণার পর থেকে ছাত্রদল তিনটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। বিএনপির নেতাদের মধ্যস্থতায় মতিউর ও খালেদ মিয়া পক্ষের মধ্যে সমঝোতা হলেও শাহ আমির উদ্দিন পক্ষের নেতা-কর্মীরা কমিটি বাতিলের আন্দোলন অব্যাহত রাখেন।
মতিউর জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদল নামধারী আওয়ামী লীগের দালালেরা পুলিশি মদদে তাঁদের ওপর হামলা করেন। তাঁদের হামলায় কিছু নেতা-কর্মী আহত হয়েছেন।
শাহ আমির উদ্দিন বলেন, ‘খালেদা জিয়া ঘোষিত ৫ জানুয়ারি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন সফল করার লক্ষে৵ মিছিল বের করি। আমাদের সেই মিছিলে ভাড়া করা অস্ত্রধারী সন্ত্রাসীসহ হামলা করে মতিউর পক্ষ। তাঁদের হামলায় কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
গত ২২ ডিসেম্বর ইলিয়াসপত্নী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী ওই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।