বিশ্বনাথে জাপার মিছিলে অন্য পক্ষের হামলায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টির (জাপা) এক পক্ষের আনন্দ মিছিলে অপর পক্ষের হামলায় পথচারী, নেতা-কর্মীসহ আহত হয়েছেন ১৫ জন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাসিয়া সেতুর ওপর হামলার এ ঘটনা ঘটে। উপজেলা জাপার আহ্বায়ক কমিটি বিলুপ্তির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, জেলা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জেলা জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী পক্ষের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করলে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী পক্ষের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হামলার ঘটনায় আহত হয়েছেন বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ী মনোহর আলী, জুয়েল আহমদ, আমজাদ আলী ও তাঁর সাত বছরের ছেলে নাঈম আহমদ, পথচারী আবুল কালাম, জাপার নেতা হাজি সিতাব আলী, আবদুল হান্নান, মঞ্জুর আহমদ, শামীম আহমদ, মানিক মিয়া, জয়নাল আবেদীন, বাবুল মিয়া, সোহাগ আহমদ, মুক্তাদির আহমদ প্রমুখ।
আবদুল্লাহ সিদ্দিকী পক্ষের আরশ আলী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে তাঁরা অতর্কিত হামলা করেছেন। এতে পথচারী-শিশুসহ আমাদের পক্ষের অনেক নেতা-কর্মীরা আহত হয়েছেন।’
হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরীর পক্ষের হাজি সিতাব আলী, রফিকুল আলম।
বিশ্বনাথ থানার পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রসঙ্গত, ১ এপ্রিল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল্লাহ সিদ্দিকী ও সদস্যসচিব উছমান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ২৪ মার্চ গঠিত ‘বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির (জাপা)’ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটি বিলুপ্তির প্রতিবাদে ২ এপ্রিল উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেন সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরীর পক্ষের নেতা-কর্মীরা।