বিশ্বনাথে জুয়ার আসরে অভিযান, একজনের মৃত্যু
সিলেটের বিশ্বনাথে জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে আটক এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিলে তিনি মারা যান। গত বুধবার রাতে উপজেলার লামাকাজি এলাকায় এ ঘটনা ঘটে।
নদীতে ঝাঁপ দিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম শাহিনুল ইসলাম (৪২)। তিনি লামাকাজির সৎপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার লামাকাজি বাজারে ‘ভারতীয় তির খেলা’ নামে এক ধরনের জুয়ার আসর চলছিল। পুলিশ জুয়াড়িদের ধরতে রাত সাড়ে আটটার দিকে ওই বাজারে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে ছয়জন জুয়াড়িকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে শাহিনুল পালিয়ে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করেন।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার রাতেই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।