বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় মামলা
সিলেটের বিশ্বনাথে প্রবাসী মুরাদ আহমদের দ্বিতীয় স্ত্রী সুজিনা বেগমকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সুজিনার মামা আবদুন নূর বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন।
ওই হত্যা মামলায় প্রবাসীর প্রথম স্ত্রী সাবিনা বেগমকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আবদুর রউফের বাড়িতে আত্মীয় পরিচয়ে মিষ্টি নিয়ে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ঢোকে। পরে তারা ছুরিকাঘাত করে ওই বাড়িতে থাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ আহমদের দ্বিতীয় স্ত্রী সুজিনা বেগমকে (২১) খুন এবং তাঁর মা রেজিয়া বেগম (৪৫) ও ছোট ভাই জহির উদ্দিনকে (১২) আহত করে।