বিশ্বনাথে সংঘর্ষে আহত শতাধিক, গ্রেপ্তার ৭
বাজারে ঘর তোলা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি পক্ষ গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটের মাছিমপুরে শুঁটকির বাজারের একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান পক্ষ ও পঞ্চায়েত কমিটি (বসর মিয়া-এমদাদুল হক) পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক পক্ষ গুলি এবং আরেক পক্ষ ইটপাটকেল ছোড়ে। এতে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।
পঞ্চায়েত পক্ষের আবদুল করিম, কালন মিয়া, নাজিম উদ্দিন, গোলাম মৌলা, মঈন উদ্দিন, গিয়াস উদ্দিন, মুরাদ মিয়া, আলা উদ্দিন, ফয়ছল আহমদ, ওবায়দুর রহমান, আতাউর রহমান, এমাদ উদ্দিন, কালাম মিয়া, আনোয়ার মিয়া, কয়েছ মিয়া এবং আজিজুর রহমান পক্ষের আকমল মিয়া, সোনা মিয়া, নেছার আহমদ, এমাদ উদ্দিন, হুমায়ুন মিয়াসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় রামপাশার ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার পঞ্চায়েত কমিটির পক্ষের কামরুজ্জামান কালন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন চান্দ আলী, ইয়াসিন আলী, গৌছ আলী, রব মিয়া, জাকারিয়া হোসেন, মুহিবুর রহমান ও নিজাম উদ্দিন।