বিশ্বনাথে সংঘর্ষে এক কৃষক নিহত
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জহুর আলী (৪৩) নামের এক কৃষক নিহত ও ১২ জন আহত হয়েছে।
গতকাল সোমবার সকালে খাসজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
নিহত জহুর আলী বাওনপুর গ্রামের মৃত মনোহর আলী ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের চারজন প্রত্যক্ষদর্শী জানান, সরকারি খাসজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে গত রোববার দুপুরে বাওনপুর গ্রামের আয়াছ আলী ও আবদুল মতিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজনদের মধ্যে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষে ঘটনাস্থলেই আয়াছ আলীপক্ষের জহুর আলী নিহত হন। পেশায় কৃষক জহুর বাওনপুর গ্রামের মৃত মনোহর আলী ছেলে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।