বিশ্বনাথে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মাশেদা বেগম (৩৫) উপজেলার মান্দারুকা গ্রামের জিতু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই জিতু মিয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেশায় বাবুর্চির সহযোগী জিতু মিয়া তাঁর পরিবার নিয়ে উপজেলা সদরের নতুন বাজার এলাকার টিঅ্যান্ডটি রোডের একটি বাসায় ভাড়া থাকেন। জিতু ও তাঁর স্ত্রী মাশেদার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে আজ ভোরে জিতু তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। মাশেদার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকে জিতু মিয়া পলাতক রয়েছেন। তাঁকে আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’