বিশ্বনােথ দুই ছাত্রকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজের দুই ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সদ্য সমাপ্ত বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে ‘দ্বিতীয় সহসভাপতি’ পদপ্রার্থী শিপন আহমদকে ভোট না দেওয়ার জের ধরে ওই দুই ছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে আহত ছাত্ররা হলেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আলমগীর হোসেন ও আবদুর রব। গুরুতর আহত আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ‘ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে তাঁকে ভোট দেব, এ মর্মে শিপন আমাকে ওয়াদা করতে বলে। কিন্তু আমি ওয়াদা না করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। বিষয়টির মীমাংসা করে দেন অ্যাসোসিয়েশনের নেতারা। এর পরও তিনজন সহযোগী নিয়ে শিপন আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করেন।’
হামলার অভিযোগ অস্বীকার করে শিপন আহমদ বলেন, ‘হামলার সঙ্গে আমি জড়িত নই। ঘটনার সময় আমি ক্লাসে ছিলাম। মারামারির কথা শুনে আমি সেখানে যাই।’
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ঘটনার খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।