বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া দুই তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রিয়াদ মোর্শেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ধামরাইয়ে ওয়াহিদুল ইসলাম (২১) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। গত রোববার রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ওয়াহিদুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রিয়াদ শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সংগীত বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলার ছোট বয়রা গ্রামে। তাঁর বাবা আবুল বাশার খুলনার ইসলামিয়া কলেজের শিক্ষক বলে জানা গেছে। ওয়াহিদুল ধামরাই সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ধামরাই পৌর এলাকার বিজনগরের আজাহার আলীর ছেলে।
সাভার মডেল থানার পুলিশ ও রিয়াদের পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে রিয়াদ কুমিল্লার চান্দিনা উপজেলার পটনই বড়বাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়ে রুমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পরই তিনি শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বছর খানেক আগে তিনি সাভার পৌর এলাকার দক্ষিণ পাড়ায় স্ত্রীসহ বসবাস করছিলেন। তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে গান শেখাতেন।
রুমা বলেন, সপ্তাহ দুয়েক আগে স্বামীকে নিয়ে তিনি বাবার বাড়ি যান। রোববার বিকেলে তাঁরা সাভারের বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পরই অজ্ঞাতনামা এক ব্যক্তি মেয়েকে গান শেখানোর কথা বলতে মুঠোফোনে ডেকে নিয়ে যান। ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য রুমার ছোট ভাই সাব্বিরকেও (১০) সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন রিয়াদ। কয়েক শ গজ যাওয়ার পরই রিয়াদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রোববার রাতেই সাভার মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে রিয়াদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ধামরাই থানার পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে পাঁচাটার দিকে ওয়াহিদুল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের কাছে পাঠানো মুঠোফোনে এক বার্তায় তিনি খুব বিপদে আছেন বলে জানান। এর পর ওই নেতার সঙ্গে ওয়াহিদুলের কোনো কথা হয়নি। বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি ঝোপের ভেতরে রোববার সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত ব্যক্তির চাচা মো. শাজাহান ধামরাই থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
ওয়াহিদুলের মা নিলুফার ইয়াসমিন বলেন, ‘আমার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, ওয়াহিদুলের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।