সম্মেলন নিয়ে মন্তব্য করায় ছাত্রলীগ নেতাকে মারধর
বাংলাদেশ ছাত্রলীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে গণমাধ্যমে মন্তব্য করায় ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই নেতার নাম রাজেশ চন্দ্র সিংহ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। একই কারণে গতকাল তাঁকে দল থেকে বহিষ্কারেরও খবর পাওয়া গেছে।
রাজেশের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর ওপর এ হামলা চালান।
রাজেশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সোয়া ১১টার দিকে রাজেশ ক্যাম্পাস থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। তিনি টিএসসির সামনে পৌঁছালে ৮ থেকে ১০ জন যুবক তাঁর পথ আটকান। এ সময় যুবকেরা ‘সম্মেলন নিয়ে উল্টা-পাল্টা কথা বলিস’ বলে তাঁকে মারধর শুরু করেন। পরে সেখানে উপস্থিত লোকজন ওই যুবকদের ধাওয়া দিলে তাঁরা কার্জন হলের দিকে পালিয়ে যান।
এর আগে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংসদের উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাজেশ চন্দ্র সিংহকে সংগঠন থেকে বহিষ্কার করা হইল।’ এ বিষয়ে শেখ রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ বিজ্ঞপ্তির বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বহিষ্কারের বিষয়ে রাজেশ চন্দ্র সিংহ প্রথম আলোকে বলেন, কাউকে বহিষ্কার করতে হলে আগেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। কিন্তু এ রকম কোনো নোটিশ তিনি পাননি। বহিষ্কারের এ বিষয়টি অনৈতিক হিসেবে দাবি করেন তিনি।
জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।
প্রসঙ্গত, আগামী ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও জানতে পড়ুন....
অবশেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা